শুক্রবার, ৫ জুন ২০২৬

সবশেষ

মায়ের প্রতি অবহেলায় শাস্তি পাবেন সেই যুগ্ম-সচিব

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের করুণ মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এবার তার ছেলে, সরকারি কর্মকর্তা এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মায়ের প্রতি দায়িত্ব ও ভরণপোষণের বিষয়ে অবহেলার অভিযোগ খতিয়ে দেখে পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (৩ জুন) জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য জানান। তিনি বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আগে সংশ্লিষ্ট কর্মকর্তা এ কে এম আনিসুর রহমানের বক্তব্য নেওয়া হবে এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।

বর্তমানে আনিসুর রহমান মোংলা বন্দর কর্তৃপক্ষে সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত ৩১ মে (রোববার) মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মরদেহটি দীর্ঘ সময় পড়ে থাকায় পচন ধরে এবং তাতে পোকা জন্মেছিল। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বাসাটির পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর ও অগোছালো। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বলেন, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় বসবাস করতেন। বাসাটির পরিচ্ছন্নতার অবস্থা ছিল অত্যন্ত খারাপ।

তিনি আরও জানান, নুরজাহান বেগমের এক ছেলে যুগ্ম-সচিব পদমর্যাদার কর্মকর্তা এবং আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক। তার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে শিক্ষিত ও প্রতিষ্ঠিত সন্তান থাকা সত্ত্বেও একজন বৃদ্ধা মায়ের এমন পরিণতি নিয়ে সমালোচনা শুরু হয়। সেই প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *