বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সবশেষ

এবার জেমস বন্ড সাজলেন ট্রাম্প, নাম দিলেন ‘ট্রাম্প ০০৭’

হলিউডের জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডকে ঘিরে যখন নতুন অভিনেতা নির্বাচন নিয়ে জোর আলোচনা চলছে, ঠিক সেই সময় আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নিজেকে ‘ট্রাম্প ০০৭’ হিসেবে উপস্থাপন করে একটি মিম শেয়ার করেছেন তিনি।

পোস্টে ব্যবহৃত হয়েছে ট্রাম্পের তরুণ বয়সের একটি পুরোনো ছবি। সেখানে তাকে প্যানেলযুক্ত একটি আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটির সঙ্গে যুক্ত করা হয় ‘ট্রাম্প ০০৭’ শিরোনাম, যা দ্রুতই সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে।

নিজেকে বিভিন্ন ঐতিহাসিক ও জনপ্রিয় ব্যক্তিত্বের সঙ্গে তুলনা করার জন্য ট্রাম্প দীর্ঘদিন ধরেই পরিচিত। অতীতে তিনি এলভিস প্রেসলি, উইনস্টন চার্চিল ও মাদার তেরেসার সঙ্গে নিজের তুলনা টেনেছেন। সম্প্রতি বিতর্কের জন্ম দিয়ে নিজেকে যিশু খ্রিস্টের সঙ্গেও তুলনা করেছিলেন তিনি।

এদিকে জেমস বন্ড সিরিজের পরবর্তী অভিনেতা নির্বাচন নিয়ে চলছে ব্যাপক জল্পনা। অ্যামাজন এমজিএম বর্তমানে নতুন ০০৭ খুঁজে বের করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির মালিক জেফ বেজোস ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত। ড্যানিয়েল ক্রেইগের উত্তরসূরি হিসেবে কারা আসতে পারেন, সেই তালিকায় অ্যারন টেলর-জনসন, টম হল্যান্ড, হ্যারিস ডিকিনসন, জ্যাকব এলর্ডি এবং ক্যালাম টার্নারের নাম শোনা যাচ্ছে।

এর মধ্যেই হোয়াইট হাউসও বিষয়টিকে হালকা রসিকতার ছলে উপভোগ করেছে। গত ১৬ মে তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক মিমে ট্রাম্পকে টাক্সেডো পরা অবস্থায় দেখা যায়। হাতে ছিল সাইলেন্সারযুক্ত পিস্তল, আর পুরো ছবিটি তৈরি করা হয়েছিল ক্লাসিক জেমস বন্ড পোস্টারের আদলে। ছবির নিচে সোনালি সামরিক ধাঁচের ফন্টে লেখা ছিল তার রাজনৈতিক স্লোগান‘মেক আমেরিকা গ্রেট এগেইন’।

উল্লেখ্য, ড্যানিয়েল ক্রেইগ ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘নো টাইম টু ডাই’ ছবিতে শেষবারের মতো জেমস বন্ড চরিত্রে অভিনয় করেন। তার আগে এই চরিত্রে অভিনয় করেছেন শন কনারি, জর্জ লেজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন ও পিয়ার্স ব্রসনান।

এদিকে ট্রাম্পের আত্মপ্রচারমূলক পোস্টের ধারাবাহিকতাও অব্যাহত রয়েছে। স্থানীয় সময় ২ জুন তিনি আরেকটি ছবি প্রকাশ করেন, যেখানে জনসমাবেশের পটভূমিতে নিজেকে ‘সর্বশ্রেষ্ঠ আকর্ষণ’ হিসেবে উল্লেখ করতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *