রবিবার, ৭ জুন ২০২৬

সবশেষ

দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাসহ ৯ আসামি ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাসহ ৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (৭ জুন) সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এদিন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারিত ছিল।

তবে সংশ্লিষ্ট প্রসিকিউশন সূত্র জানিয়েছে, তদন্ত কার্যক্রম এখনো শেষ না হওয়ায় রাষ্ট্রপক্ষ প্রতিবেদন জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় প্রার্থনা করবে। ফলে নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন দাখিল না-ও হতে পারে।

মামলাটিকে ঘিরে তদন্ত সংস্থার প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। তদন্তে নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া এবং পরবর্তী বিচারিক কার্যক্রম এখন ট্রাইব্যুনালের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *