রবিবার, ৭ জুন ২০২৬

সবশেষ

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

রাজধানীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মতিঝিলে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে গুলি করে বিপুল পরিমাণ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় আহত ব্যবসায়ী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে শাপলা চত্বর সংলগ্ন জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম লোকমান (৪৫)। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি মানি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে জড়িত।

পুলিশ জানায়, লোকমান ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা একদল দুষ্কৃতকারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ব্যাগটিতে প্রায় ১৭ লাখ টাকা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় পথচারীরা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, লোকমানের হাতের কনুইয়ের নিচে একটি এবং পায়ের হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। কারা এ হামলার সঙ্গে জড়িত এবং কীভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটানো হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে হামলাটি চালায়। তারা গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *