মঙ্গলবার, ৯ জুন ২০২৬

রাডার স্থাপনায় হামলার প্রতিক্রিয়া, ইসরাইলের দুই বিমানঘাঁটিতে আঘাতের দাবি আইআরজিসির

ইরানের রাডার স্থাপনাগুলোতে ইসরাইলি হামলার জবাবে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরাইলের দুটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি পরিচালিত অভিযানে নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটি লক্ষ্যবস্তু ছিল। তাদের দাবি, ইরানের তিনটি পৃথক অঞ্চলে অবস্থিত রাডার স্থাপনায় ইসরাইলি হামলার পরই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মাহশহর এলাকায় অবস্থিত একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা পরিচালনা করেছে।

আইডিএফের ভাষ্য অনুযায়ী, অভিযানে ওই শিল্প স্থাপনার একাধিক অংশে আঘাত হানা হয়েছে। তবে হামলার প্রকৃতি, ক্ষয়ক্ষতি কিংবা অভিযানের পূর্ণাঙ্গ ফলাফল সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরবর্তীতে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম সরকারি সূত্রের বরাত দিয়ে মাহশহরের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার খবর প্রকাশ করে। একই সঙ্গে ক্ষয়ক্ষতি এবং সম্ভাব্য হতাহতের বিষয়ে তদন্ত ও মূল্যায়ন চলমান রয়েছে বলে জানানো হয়।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ চিত্র এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *