সোমবার, ৮ জুন ২০২৬

বিদেশগামী তরুণদের ঋণ ৫ লাখ টাকা করার পরিকল্পনা সরকারের

বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়া তরুণদের জন্য ব্যাংক ঋণের পরিমাণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ৮ শতাংশ সুদে সর্বোচ্চ ৩ লাখ টাকা ঋণ সুবিধা থাকলেও তা বাড়িয়ে ৫ লাখ টাকা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

সোমবার (৮ জুন) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশগামী কর্মীদের আর্থিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি তাদের প্রতারণা ও হয়রানি থেকে সুরক্ষা নিশ্চিত করতেও সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, শিশু শ্রম ও জোরপূর্বক শ্রম বন্ধ এবং সামাজিক নিরাপত্তা জোরদারে সরকার কাজ করছে।

তিনি জানান, বিদেশে অবস্থানরত প্রবাসীদের কল্যাণে সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশ দূতাবাসগুলো সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।

প্রবাসীদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে নুরুল হক নুর বলেন, বিএমইটির কার্ডধারী কোনো কর্মী বিদেশে মারা গেলে তার মরদেহ সরকারি খরচে দেশে আনা হয়। এমনকি মানবিক বিবেচনায় কার্ডবিহীন প্রবাসীদের মরদেহও সরকারের উদ্যোগে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

প্রবাসীদের জন্য সরকারি সহায়তা আরও সহজলভ্য করতে টোল-ফ্রি সেবা চালু রয়েছে বলেও জানান তিনি। বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মরত কোনো নারী শ্রমিক যৌন হয়রানি বা নির্যাতনের শিকার হলে ওই নম্বরে যোগাযোগ করে সহায়তা নিতে পারেন।

প্রতিমন্ত্রী আরও জানান, অনিয়মের অভিযোগে এখন পর্যন্ত তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নজরদারি অব্যাহত রয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, যেসব বাংলাদেশি রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নিচ্ছেন, তারা সরাসরি বাংলাদেশ থেকে রাশিয়ায় না গিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে সেখানে প্রবেশ করছেন। ফলে এ ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপের সুযোগ সীমিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *