মঙ্গলবার, ৯ জুন ২০২৬

সবশেষ

‘আ.লীগের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা নেই’

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ প্রসঙ্গে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি জানিয়েছেন, নির্ধারিত নির্বাচনসংক্রান্ত শর্ত পূরণ করলে ব্যক্তি হিসেবে যে কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা নেই।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সেখানে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

এক প্রশ্নে সাংবাদিকরা জানতে চান, সামনে স্থানীয় সরকার নির্বাচন শুরু হলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কি না। তারা বর্তমানে দেশে থেকে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করছেন বলেও প্রশ্নে উল্লেখ করা হয়।

জবাবে জাহেদ উর রহমান বলেন, নির্বাচনটি নির্দলীয় কাঠামোর মধ্যে হবে। ফলে কোনো ব্যক্তি যদি প্রার্থিতার শর্ত পূরণ করেন, তাহলে তিনি প্রার্থী হতে পারবেন। দলীয় পরিচয়ের বিষয়টি এখানে মুখ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, প্রচারণার ক্ষেত্রে কেউ চাইলে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরতে পারেন, তবে সেটি নির্দলীয় নির্বাচনের নিয়মের মধ্যে থাকতে হবে। শর্ত পূরণ করে একজন ব্যক্তি নির্বাচনে অংশ নিতে চাইলে তাতে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই।

আরেক প্রশ্নে আওয়ামী লীগের পদ বা পরিচয় ব্যবহার করা যাবে কি না জানতে চাইলে তিনি বলেন, যেহেতু দলটির সাংগঠনিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে, তাই দলীয় পদ-পদবি ব্যবহার করার সুযোগ নেই। তবে ব্যক্তি হিসেবে প্রার্থিতা করতে কোনো আইনগত বাধা নেই, যদি প্রয়োজনীয় শর্ত পূরণ করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি সরকারের চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও সাংবাদিকদের অবহিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *