সোমবার, ২৯ জুন ২০২৬

সবশেষ

বিরোধী দলের এমপিরা কত টাকা বরাদ্দ পেয়েছে, জানালেন এলজিআরডি মন্ত্রী

প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য তুলে ধরেন। মন্ত্রী জানান, সিটি করপোরেশন এলাকা বাদ দিয়ে বিরোধী দলের এমপিদের নির্বাচনী এলাকায় এই অর্থ বরাদ্দ করা হয়েছে। বরাদ্দের অর্থ মসজিদ, গোরস্তান ও ঈদগাহের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।

এর আগে রোববার (২৮ জুন) সংসদ অধিবেশনে এ বিষয়ে বক্তব্য দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ না পাওয়ায় বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন। পরে মন্ত্রী জানান, তিনি পরদিন এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন।

সোমবারের অধিবেশনে প্রতিশ্রুতি অনুযায়ী বিবৃতি দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকেই এই বরাদ্দ দেওয়া হয়েছে এবং তা বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার ধর্মীয় স্থাপনার উন্নয়নে ব্যবহার করা হবে।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘ সংসদীয় জীবনে সরকার ও বিরোধী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও অতীতে এ ধরনের কোনো বরাদ্দ পাওয়ার অভিজ্ঞতা তার হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *