বিদেশি শ্রমিক নিয়োগ ও ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ এবং কার্যকর করতে নতুন উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া সরকার। এ লক্ষ্যে বিদেশি কর্মী-সংক্রান্ত সব কার্যক্রমকে একটি কেন্দ্রীয় সমন্বয় ব্যবস্থার আওতায় আনতে ‘ওয়ান স্টপ সেন্টার’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদির সভাপতিত্বে অনুষ্ঠিত বিদেশি কর্মী বিষয়ক বিশেষ মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবার (৩০ জুন) বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, কমিটির সদস্যপদ ও দায়িত্ব চূড়ান্ত করার পাশাপাশি নতুন এই সমন্বয় কেন্দ্র মানবসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, বিভিন্ন শিল্পখাতের প্রকৃত চাহিদা বিবেচনায় বিদেশি শ্রমিকের প্রয়োজনীয়তা নতুন করে মূল্যায়ন করা হবে। এর মাধ্যমে কর্মী নিয়োগ প্রক্রিয়াকে বাস্তবমুখী ও প্রয়োজনভিত্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
একই সঙ্গে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে স্থানীয় নাগরিকদের কর্মসংস্থানে আরও বেশি সম্পৃক্ত করার লক্ষ্য পুনর্ব্যক্ত করেছে সরকার। এ জন্য দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি শিল্পখাতে আধুনিক প্রযুক্তি ও স্বয়ংক্রিয় ব্যবস্থার ব্যবহার বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হবে।
আহমেদ জাহিদ হামিদি বলেন, বিদেশি কর্মী ব্যবস্থাপনায় দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। পাশাপাশি শিল্পখাতের প্রয়োজন, জাতীয় নিরাপত্তা এবং মালয়েশিয়ার নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ—এই তিনটি বিষয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখেই ভবিষ্যৎ নীতিমালা বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, সরকারের প্রতিটি সিদ্ধান্ত দেশের স্বার্থ এবং জনগণের সামগ্রিক কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই গ্রহণ করা হবে।








