বিদায়ী ২০২৪-২৫ অর্থবছর শেষে প্রবাসী আয় সংগ্রহে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। পুরো অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার), যা এক অর্থবছরে দেশের সর্বোচ্চ রেমিট্যান্স অর্জনের রেকর্ড।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (১ জুলাই) এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য শেষ হওয়া জুন মাসে দেশে এসেছে ২৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতিদিন গড়ে এসেছে প্রায় ৯ কোটি ৩৫ লাখ ডলার। যদিও গত বছরের একই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৮২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।
অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের তুলনায় যা ১৭ দশমিক ৩০ শতাংশ বেশি।
পুরো অর্থবছরজুড়েই ধারাবাহিকভাবে উচ্চ প্রবৃদ্ধি ছিল প্রবাসী আয়ে। এর আগে মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। আর মার্চে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে রয়েছে।
এ ছাড়া এপ্রিলে রেমিট্যান্স আসে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।
এর আগে ডিসেম্বর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার। নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।
অর্থবছরের শুরুর দুই মাসের মধ্যে আগস্টে রেমিট্যান্স ছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, মাসভিত্তিক ওঠানামা থাকলেও পুরো অর্থবছরজুড়ে প্রবাসী আয় শক্তিশালী ধারা বজায় রেখেছে, যার ফলে ইতিহাসের সর্বোচ্চ বার্ষিক রেমিট্যান্স অর্জন সম্ভব হয়েছে।








