স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাইয়ের চেতনা যেন কোনো রাজনৈতিক বা বাণিজ্যিক স্বার্থ হাসিলের হাতিয়ার না হয়। এ চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এর অপব্যবহার কখনোই ইতিবাচক ফল বয়ে আনবে না।
শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের স্বপ্ন ও চেতনাকে ধারণ করে জাতিকে সামনে এগিয়ে যেতে হবে। এই আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বিদেশে অবস্থান করে পতিত স্বৈরাচার গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। এ প্রেক্ষাপটে তিনি জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে শিগগিরই বিচারের মুখোমুখি করা হবে। আইন অনুযায়ী দলটির বিচার নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় তিনি জুলাইয়ের চেতনা নিয়ে কোনো ধরনের ব্যবসায়িক বা রাজনৈতিক সুবিধা অর্জনের চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান।








