শনিবার, ৪ জুলাই ২০২৬

সবশেষ

বংশালে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষে ছুরিকাহত জামায়াত নেতা, ঢাকা মেডিকেলে সংকটাপন্ন

রাজধানীর বংশাল এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতা। আহত কবির আহমদ (৪৫) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় কবির আহমদকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, কবির আহমদ গুলিস্তান শপিং মার্কেট ইউনিট জামায়াতে ইসলামীর সভাপতি। পাশাপাশি তিনি ফুলবাড়িয়া এলাকায় মোবাইল পার্টসের ব্যবসা করেন।

আহতকে হাসপাতালে নিয়ে আসা আক্তার হোসেন জানান, বিকেলে বংশাল থানার আওতাধীন ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় কবির আহমদের কোমরের পেছনে ছুরিকাঘাত করা হয়। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা এক চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কবির আহমদের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, সন্ধ্যা ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *