সোমবার, ১৩ জুলাই ২০২৬

সবশেষ

ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থিতা সামনে রেখে ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন সাদিক কায়েম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েম। সংগঠনের নতুন সাংগঠনিক বিন্যাসের অংশ হিসেবে তার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, তিনি এখন জামায়াতে ইসলামীর রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা নেবেন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে মাঠে থাকবেন।

সোমবার (১৩ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ছাত্রশিবির ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন সাদিক কায়েম। তিনি বলেন, “ছাত্রশিবিরে বছরে দুইবার সেটআপ হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে আমার বিদায় হয়েছে।”

জানা গেছে, ২০১৩ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতিতে যুক্ত হন সাদিক কায়েম। দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার পর ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে প্রথম প্রকাশ্যে আসেন। এরপর ২০২৬ সালের জানুয়ারি থেকে সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এর আগে, গত ১ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ওই ঘোষণার সময়ই জানানো হয়েছিল, ছাত্রশিবিরের দায়িত্বে থেকে কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। সেই প্রেক্ষাপটেই তার ছাত্রশিবিরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *