যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য হয়েছে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এমন দাবি করেছে ইরানের পরমাণু শক্তি সংস্থা (এইওআই)। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই রোববার (১৯ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এইওআইর দাবি, স্থানীয় সময় রোববার ভোর ৩টা ৩৯ মিনিটের দিকে খুজেস্তান প্রদেশে অবস্থিত দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন বাহিনী। সংস্থাটি এ হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী, বর্বর ও আগ্রাসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে।
তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, স্থাপনাটির ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণে বিস্তারিত মূল্যায়ন চলছে।
দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ ২০২২ সালে শুরু হয়। এটি এখনো নির্মাণাধীন অবস্থায় রয়েছে।
গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র দেশটির সামরিক ও বেসামরিক বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলা চালাচ্ছে। এর জবাবে ইরানও কয়েকটি আঞ্চলিক দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।
উল্লেখ্য, গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের বাধা দেওয়ার অভিযোগ তুলে পরে আবারও দেশটিতে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র।








