ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নতুন করে বাড়লেও তাতে সরাসরি সম্পৃক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সংঘাত থেকে দূরে থাকাকেই ইসরায়েল সবচেয়ে উপযোগী কৌশল হিসেবে দেখছে।
ইসরায়েলের দৈনিক হারেৎজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে স্মোটরিচ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমিত পরিসরের এই সংঘাতের বর্তমান অবস্থাই ইসরায়েলের জন্য সবচেয়ে অনুকূল। তাই স্বতঃপ্রণোদিত হয়ে এ সংঘর্ষে অংশ নেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই।
প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিলের যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা কূটনৈতিক আলোচনা চলাকালে ওয়াশিংটনের অনুরোধেই ইসরায়েল সংঘাত থেকে দূরে অবস্থান করে। পরে গত মাসে দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি হলেও সেটি দীর্ঘস্থায়ী হয়নি।
চুক্তির অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হয়। তবে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলেও ইসরায়েল এখনো আগের অবস্থানেই রয়েছে এবং সংঘাতে সরাসরি জড়ানোর কোনো আগ্রহ দেখাচ্ছে না।








