শনিবার, ২৫ জুলাই ২০২৬

সবশেষ

শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, নতুন তিন দাবি জানাল সিজেপি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দিলেও আন্দোলন থেকে সরে আসছে না ককরোচ জনতা পার্টি (সিজেপি) নেতৃত্বাধীন শিক্ষার্থীরা। সংগঠনটির দাবি, তাদের মূল দাবিগুলোর একটি পূরণ হলেও আন্দোলন শেষ হওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।

শনিবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ প্রতিবেদনে জানানো হয়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রথম বক্তব্যেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্পষ্ট করে দেন, বিক্ষোভ কর্মসূচি আপাতত প্রত্যাহার করা হচ্ছে না।

তিনি বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ আন্দোলনের একটি অর্জন হলেও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি তাদের পরবর্তী তিন দফা দাবি তুলে ধরে। সংগঠনটির দাবি, নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসনিক বা আইনি ব্যবস্থা নেওয়া যাবে না।

তৃতীয় দাবিতে সিজেপি বলেছে, আন্দোলন চলাকালে দায়িত্ব পালনকারী র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) এবং দিল্লি পুলিশকে বিক্ষোভকারীদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।

এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোষণার পর দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত আন্দোলনকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। বিক্ষোভস্থলে শিক্ষার্থীরা বিজয়-উল্লাসে মেতে ওঠেন।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল একে ভারতের গণতন্ত্রের বড় বিজয় বলে মন্তব্য করেছেন।

অন্যদিকে চলমান আন্দোলনের অন্যতম মুখ সোনাম ওয়াংচুকও বলেছেন, এই ঘটনা গণতন্ত্রের বিজয়ের প্রতীক।

যদিও শিক্ষামন্ত্রীর পদত্যাগ আন্দোলনের একটি বড় দাবি পূরণ করেছে, সিজেপির সর্বশেষ অবস্থান থেকে স্পষ্ট হয়েছে যে, বাকি তিনটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *