বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সবশেষ

কমান্ডারদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের বিদ্রোহ

ইসরায়েলি সেনাবাহিনীর গিভাতি ব্রিগেডের ‘তজাবার’ ব্যাটালিয়নের প্রায় ১০০ সেনাসদস্য কমান্ডারদের একটি সিদ্ধান্তের প্রতিবাদে ঘাঁটি ত্যাগ করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, তারা অস্ত্র ও সামরিক সরঞ্জাম ঘাঁটিতে রেখে নেগেভ মরুভূমির ‘সদে তেইমান’ ঘাঁটি থেকে বেরিয়ে যান। খবর দিয়েছে আলজাজিরা।

ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ব্যাটালিয়নের কমান্ডার ইউনিটের পুরোনো ও নতুন সদস্যদের সঙ্গে সম্পর্কিত কিছু ঐতিহ্যবাহী প্রতীক বা চিহ্ন সরিয়ে ফেলার নির্দেশ দেওয়ার পর থেকেই বিরোধের সূত্রপাত হয়।

ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়, সেনাদের দাবি ছিল, ওই প্রতীকগুলো গাজা ও লেবাননের যুদ্ধের সময় ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে ছিল এবং প্রজন্মের পর প্রজন্ম নতুন সেনাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের কাছে এসব স্মারক শুধু প্রতীক নয়, বরং ইউনিটের ইতিহাস, ঐতিহ্য ও পারস্পরিক বন্ধনের গুরুত্বপূর্ণ অংশ।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি দৈনিক মারিভ জানিয়েছে, এ ঘটনার পর ব্যাটালিয়নটি গাজায় পরিকল্পিত সামরিক অভিযানে অংশ নেওয়ার মতো প্রস্তুত অবস্থায় নেই।

অন্যদিকে ইসরায়েল হায়োম পত্রিকার তথ্য অনুযায়ী, ঘাঁটি ত্যাগের সময় সেনারা তাদের অস্ত্র ও সামরিক সরঞ্জাম রেখে গেলেও ব্যক্তিগত ব্যাগ সঙ্গে নিয়ে নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। ঘটনাটি ইসরায়েলি সেনাবাহিনীর অভ্যন্তরে বিরল ধরনের অসন্তোষের প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *