বুধবার, ১২ আগস্ট ২০২৬

সবশেষ

আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো, এক দশকের প্রেমের পর বিয়ে জর্জিনাকে

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনে নতুন অধ্যায় শুরু হলো। দীর্ঘদিনের সঙ্গী আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্ম নেওয়া জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন তিনি। ফলে ফুটবলের মহাতারকা রোনালদো এবার আনুষ্ঠানিকভাবেই হয়ে গেলেন আর্জেন্টিনার ‘জামাই’।

মঙ্গলবার পর্তুগালের সৈকত শহর কাসকাইসে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রোনালদো ও জর্জিনা। বাগ্‌দানের ঘোষণার ঠিক এক বছর পর স্বামী-স্ত্রী হলেন তারা। রোনালদোর প্রতিনিধিরাও বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এক দশক আগে মাদ্রিদের একটি গুচি শোরুমে শুরু হয়েছিল তাদের সম্পর্ক। তখন জর্জিনা সেখানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। ২০১৬ সালে পরিচয়ের পর দ্রুতই প্রেমে জড়িয়ে পড়েন দুজন। জর্জিনার ভাষায়, সেটি ছিল ‘প্রথম দেখাতেই প্রেম’।

বিয়ের খবর প্রকাশ্যে আসার আগেই অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো। বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে তিনি জর্জিনার হাতের ওপর নিজের হাত রাখা একটি ছবি প্রকাশ করেন। দুজনের অনামিকায় ছিল আংটি। ক্যাপশনে ছিল ‘সি’ ও ‘জি’—দুটি অক্ষরের মাঝখানে ভালোবাসার প্রতীক।

গত বছরের ১১ আগস্ট জর্জিনা ইনস্টাগ্রামে রোনালদোর সঙ্গে বাগ্‌দানের খবর জানিয়েছিলেন। বড় একটি আংটি পরা অবস্থায় রোনালদোর হাতের ওপর নিজের হাত রাখা সেই ছবির এক বছর পর এবার সম্পর্ক পেল আইনি স্বীকৃতি।

রোনালদোর বিয়ের স্থান নিয়েও শেষ মুহূর্ত পর্যন্ত ছিল নানা জল্পনা। পর্তুগিজ সংবাদমাধ্যমের খবরে সিনত্রা কিংবা রোনালদোর জন্মস্থান মাদেইরার নাম এসেছিল। এমনকি মাদেইরার ফুনশালের একটি গির্জায় বিয়ে হচ্ছে, এমন খবর ছড়িয়ে পড়লে সেখানে ভিড় করেন শত শত মানুষ। শেষ পর্যন্ত অবশ্য সেই গির্জায় বিয়ে হয়নি। লিসবন থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে কাসকাইসের একটি ভিলায় বিয়ের আয়োজন করেন এই তারকা জুটি।

জর্জিনার সঙ্গে রোনালদোর সংসারে পাঁচ সন্তান রয়েছে। তাদের ব্যক্তিগত ও ঘরোয়া এই বিয়েতে পাঁচ সন্তানই উপস্থিত ছিল বলে জানিয়েছে রোনালদোর জনসংযোগ প্রতিষ্ঠান ব্রান্সউইক গ্রুপ।

রোনালদোর জীবনে জর্জিনার সঙ্গে সম্পর্কের পর পরিবারও বড় হয়েছে। তার বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের জন্ম ২০১০ সালে। তার মায়ের পরিচয় কখনো প্রকাশ করেননি রোনালদো। ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান ইভা মারিয়া ও মাতেওর বাবা হন তিনি। একই বছরের শেষ দিকে জর্জিনার গর্ভে জন্ম নেয় তাদের মেয়ে অ্যালানা মার্টিনা। ২০২২ সালে জর্জিনার গর্ভে যমজ সন্তান বেলা ও অ্যাঞ্জেলের জন্ম হয়। তবে জন্মের কিছুক্ষণ পর অ্যাঞ্জেল মারা যায়।

২০১৭ সালের জানুয়ারিতে প্রথমবার জনসমক্ষে একসঙ্গে দেখা যায় রোনালদো ও জর্জিনাকে। ওই বছরের মে মাসে জর্জিনার সঙ্গে সম্পর্কের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানান রোনালদো। এরপর থেকে তারা বিশ্বের অন্যতম আলোচিত তারকা জুটি হয়ে ওঠেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের সম্মিলিত অনুসারীর সংখ্যা ৭৫ কোটির বেশি। ফ্যাশন ও হোটেল ব্যবসাসহ বিভিন্ন খাতেও তাদের বিনিয়োগ রয়েছে।

ব্যক্তিজীবনের নতুন অধ্যায়ের পাশাপাশি মাঠেও রোনালদোর দাপট অব্যাহত। পেশাদার ক্যারিয়ারে তার গোলসংখ্যা ৯৭৬। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে খেলে বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে খেলছেন তিনি। ক্যারিয়ারে পাঁচটি ব্যালন ডি’অর ও পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন। ইংল্যান্ড, স্পেন ও ইতালির লিগও জিতেছেন এই পর্তুগিজ তারকা। জাতীয় দলের হয়ে পর্তুগালের সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ডও তার দখলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *