সোমবার, ৩১ আগস্ট ২০২৬

সবশেষ

দুবাইপ্রবাসীদের ভিসা সংকট, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের একটি বড় অংশের জন্য ভিসা-সংক্রান্ত জটিলতা এখন দীর্ঘস্থায়ী দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়া থেকে শুরু করে নবায়নে জটিলতাসহ বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে এবার সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন প্রবাসীরা।

দুবাইয়ে ফটিকছড়ি প্রবাসীদের আয়োজনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার আলমগীরকে দেওয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে নিজেদের এসব সমস্যার কথা তুলে ধরেন প্রবাসীরা। অনুষ্ঠানে শত শত বাংলাদেশি অংশ নেন।

প্রবাসীদের অভিযোগ, ভিসা বাতিল ও নবায়নসংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন ধরে তাদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এ অবস্থায় শুধু প্রশাসনিক পর্যায়ে নয়, বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

প্রবাসীদের বক্তব্য শোনার পর সরওয়ার আলমগীর বলেন, ভিসা বাতিল ও নবায়নের সমস্যাগুলো সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরা হবে। একই সঙ্গে জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে প্রবাসীদের এই সংকট ও তাদের দুর্ভোগের বিষয়টি জোরালোভাবে উপস্থাপনের আশ্বাস দেন তিনি।

প্রবাসীরা মনে করেন, দীর্ঘদিন ধরে চলা ভিসা জটিলতার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর আলোচনা প্রয়োজন। এ কারণে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি জাতীয় পর্যায়ে তুলে ধরার প্রত্যাশা করছেন তারা।

অনুষ্ঠানে ভিসা সমস্যার পাশাপাশি ফটিকছড়ির অবকাঠামোগত উন্নয়ন এবং প্রবাসীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য সংসদ সদস্যের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাই বিএনপির আহ্বায়ক রফিকুল আলম। যৌথভাবে সঞ্চালনা করেন হুমায়ুন কবির সুমন ও এরশাদ। উদ্বোধনী বক্তব্য দেন জামালউদ্দিন কন্ট্রাক্টর। বিশেষ অতিথি ছিলেন আব্দুস সালাম তালুকদার।

এ ছাড়া শ্রমিক দল ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মাহে আলম, প্রকৌশলী করিমুল হক, মুজিবুল হক মঞ্জু, নূর হোসেন সুমন ও শামসুন নাহার স্বপ্না বক্তব্য দেন।

প্রবাসীদের বক্তব্যে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা ছাপিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব পায় ভিসা সংকট। তাদের প্রত্যাশা, সংসদে বিষয়টি উত্থাপনের মাধ্যমে দীর্ঘদিনের এই জটিলতা সমাধানের জন্য সরকারের কার্যকর উদ্যোগ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *