সৌদি আরবে ই-পাসপোর্ট সেবা চালুর পর প্রবাসীদের যে ভোগান্তি তৈরি হয়েছিল, তা শিগগিরই অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রিয়াদে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
ই-পাসপোর্ট সেবার অগ্রগতি তুলে ধরে রাষ্ট্রদূত জানান, সৌদি আরবে প্রায় দেড় মাস আগে এই সেবা চালু হয়েছে। চালুর পর থেকেই প্রবাসীদের মধ্যে ই-পাসপোর্টের চাহিদা বেড়ে যায়। একসঙ্গে বিপুলসংখ্যক আবেদন জমা পড়ায় শুরুর দিকে সেবা দিতে গিয়ে কিছুটা চাপ তৈরি হয়।
তবে পরিস্থিতি সামাল দিতে সৌদি আরবের বিভিন্ন প্রদেশে বাংলাদেশ দূতাবাসের জনবল ও কার্যক্রম বাড়ানো হয়েছে। এর ফলে ই-পাসপোর্টের আবেদন প্রক্রিয়াকরণও আগের তুলনায় নিয়মিত করা সম্ভব হচ্ছে।
মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, প্রবাসীদের পাসপোর্টসংক্রান্ত সেবা দ্রুত নিশ্চিত করতে দূতাবাসের সংশ্লিষ্ট টিম প্রতিদিন প্রায় ২০ থেকে ২২ ঘণ্টা কাজ করছে। এর ফলে অল্প সময়ের মধ্যেই সেবাগ্রহীতাদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রদূতের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ই-পাসপোর্টের প্রায় ৮০ শতাংশ আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অবশিষ্ট আবেদনগুলোও দ্রুত শেষ করার কাজ চলছে।
তিনি বলেন, ই-পাসপোর্ট সেবা স্বাভাবিক করতে দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতাও এ প্রক্রিয়াকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় সৌদি আরবে ই-পাসপোর্ট সেবার বর্তমান অবস্থা, প্রবাসীদের বিভিন্ন সমস্যা এবং সেবা কার্যক্রম আরও কার্যকর করার বিষয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশন চ্যানেলে কর্মরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা উপস্থিত ছিলেন।








