দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন তারা। পরিবারের স্বজনদের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন চার বাংলাদেশি। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় নিভে গেল তাদের জীবনপ্রদীপ।
সৌদি আরবে সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফ-জেদ্দা সড়কের আল-খুরমা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িচালকসহ চার প্রবাসী বাংলাদেশি নিহত হন। নিহত চারজনই সিলেটের বাসিন্দা বলে জানা গেছে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের আব্দুল করিম ও খালিদ আহমদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন আব্দুল করিম ও খালিদ আহমদ। প্রবাসজীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি হিসেবে তারা জেদ্দা বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। পথে আল-খুরমা এলাকায় তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
মর্মান্তিক এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর নিহতদের নিজ এলাকায় শোকের আবহ নেমে এসেছে। স্বজনদের মধ্যে চলছে কান্নার মাতম। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানা গেছে।
দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন দুই প্রবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। দুই প্রবাসীর মৃত্যুর খবর পাওয়ার পর তিনি তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে বাড়িতে গিয়েছেন। পরিবার দুটির জন্য এ মৃত্যু অপূরণীয় ক্ষতি বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, প্রবাসী অধ্যুষিত কানাইঘাটে একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রবাসীদের মৃত্যুর ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে চলতি বছরের জুনে কাতারে সড়ক দুর্ঘটনায় উপজেলার পাঁচ প্রবাসী নিহত হন। সেই শোক কাটতে না কাটতেই জুলাইয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আরও এক কানাইঘাট প্রবাসীর মৃত্যু হয়।








