বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সবশেষ

প্রবাসীদের ভোটাধিকার না দেওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচনের তফসিল নয়: লেবার পার্টি

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা না করার দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এ জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থা চালুসহ ১০ দফা দাবি জানিয়েছে দলটি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে কমিশনারের কাছে এ দাবিতে স্মারকলিপি দেয় দলটির সাত সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।

এর আগে, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

লেবার পার্টির দাবির মধ্যে রয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের সব স্তরে বিদেশে অবস্থানরত যোগ্য ও নিবন্ধিত বাংলাদেশি ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা। এজন্য জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত ও প্রস্তাবিত আইটি-সমর্থিত পোস্টাল ভোটিং ব্যবস্থার অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট চালুর প্রস্তাব দিয়েছে দলটি।

দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, কোনো নাগরিক দেশের বাইরে থাকলেও তার নাগরিকত্ব এবং নিজ এলাকার সঙ্গে সামাজিক ও নাগরিক সম্পর্ক বহাল থাকে। তাই বিদেশে থাকা যোগ্য বাংলাদেশিদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার বাস্তব সুযোগ তৈরি হলে গণতান্ত্রিক অংশগ্রহণের পরিধি আরও বাড়বে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব, নিরপেক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রতি তাদের আস্থা রয়েছে। একই সঙ্গে প্রবাসীদের ভোটাধিকারকে নির্বাচনী সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে কমিশন প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে তারা আশা করছেন।

পোস্টাল ভোটে জোর
স্মারকলিপিতে লেবার পার্টি প্রবাসী ভোটারদের এনআইডি ও ভোটার তথ্য যাচাই করে সংশ্লিষ্ট ভোটার এলাকা, ওয়ার্ড ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে তা সঠিকভাবে সংযুক্ত করার দাবি জানিয়েছে।

পাশাপাশি অনলাইন নিবন্ধন থেকে শুরু করে পরিচয় যাচাই, ব্যালট পাঠানো, ফেরত গ্রহণ, সংরক্ষণ ও গণনা প্রক্রিয়ায় নিরাপদ, স্বচ্ছ, নিরীক্ষাযোগ্য ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে।

একই ভোটার যাতে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পর দেশে এসে আবার ভোট দিতে না পারেন, সে জন্য কার্যকর দ্বৈত ভোট প্রতিরোধ ব্যবস্থার দাবিও রয়েছে।

আইন সংশোধনের প্রস্তাব
যেসব স্থানীয় সরকার নির্বাচন আইনে প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটের বিষয়ে স্পষ্ট বিধান নেই, সেসব আইন ও বিধিমালা দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে দলটি।

এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে প্রবাসীদের নিবন্ধন ও ভোটদানের বিষয়ে তথ্য এবং নাগরিক সহায়তা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সময়সীমাভিত্তিক রোডম্যাপ প্রকাশের দাবিও জানিয়েছে লেবার পার্টি। প্রয়োজনে সীমিতসংখ্যক স্থানীয় সরকার প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে পোস্টাল ভোটিং চালু করে অভিজ্ঞতার ভিত্তিতে তা পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

তফসিল দ্রুত ঘোষণার দাবিও
লেবার পার্টি বলছে, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আইনগত, প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রতিবন্ধকতা দূর করতে হবে। এ প্রস্তুতির পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর করে দ্রুত তফসিল ঘোষণা করার দাবিও জানিয়েছে দলটি।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ তৈরি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা বন্ধ রাখা উচিত। প্রয়োজনে এ লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত আইন ও বিধিমালায় পরিবর্তন আনার কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

লেবার পার্টির দেওয়া ১০ দফা দাবির মধ্যে রয়েছে, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা, স্থানীয় সরকার নির্বাচনে পোস্টাল ভোটিং চালু, ভোটার তথ্যের সঠিক সংযোগ, নিরাপদ প্রযুক্তিনির্ভর ভোটব্যবস্থা, দ্বৈত ভোট প্রতিরোধ, প্রয়োজনীয় আইন সংশোধন, দূতাবাস-কনস্যুলেটের মাধ্যমে নাগরিক সহায়তা, সময়সীমাভিত্তিক রোডম্যাপ, পাইলট প্রকল্প এবং দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *