রাজবাড়ীর পাংশায় দুই সন্তানকে বাড়িতে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন রিক্তা পারভীন (৩৫) নামে এক গৃহবধূ। ২১ সেপ্টেম্বর ভোররাতে পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার শ্বশুর পাংশা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ রিক্তা পারভীন পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি মধ্যপাড়া গ্রামের ইরাকপ্রবাসী মো. রজব আলী প্রামাণিকের (৪৫) স্ত্রী। নিখোঁজ হওয়ার পর থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি।
পরিবার সূত্রে জানা যায়, রিক্তার দুই মেয়ে আয়শা খাতুন (১৫) ও আনিশা আক্তার (৬)। মায়ের হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় দুই সন্তানই কান্নায় ভেঙে পড়েছে। অন্যদিকে বিদেশে থাকা স্বামীও স্ত্রীর সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
ফোনে কথা কাটাকাটির পর বাবার বাড়ি
রজব আলী প্রামাণিক জানান, স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় কিছু বিষয় নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। এরপর রিক্তা তার বাবার বাড়িতে চলে যান।
পরে রিক্তাকে বাড়িতে ফিরিয়ে আনতে তার ছেলে ও ছেলের স্ত্রী সেখানে যান। তবে রিক্তা ছেলেকে বাড়িতে ফিরে যেতে বলেন। তিনি জানান, ছেলে ও তার স্ত্রী এবং ছোট মেয়েকে নিয়ে পরে নিজেই বাড়িতে ফিরবেন।
রজবের ভাষ্য অনুযায়ী, সেদিন রাত হয়ে যাওয়ায় রিক্তা তাদের নিয়ে বাড়িতে ফেরেননি। তারা এক আত্মীয়ের বাড়িতে রাত কাটান। পরদিন ভোরে রজবের ছেলের স্ত্রী ঘুম থেকে উঠে দেখতে পান, রিক্তা বিছানায় নেই। পরে আশপাশে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
ব্যাংক হিসাবে পাঠানো হতো প্রবাসের আয়
রজব আলী প্রামাণিক আরও জানান, বিদেশে উপার্জন করা অর্থ তিনি নিয়মিত স্ত্রীর ব্যাংক হিসাবে পাঠাতেন। ওই হিসাবে ঠিক কত টাকা ছিল, তার সঠিক হিসাব তার কাছে নেই।
তার দাবি, বাড়ি থেকে বের হওয়ার সময় রিক্তার সঙ্গে নগদ টাকা ও উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণালংকার ছিল।
এদিকে রিক্তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। পাংশা মডেল থানার এসআই মিনহাজ জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








