বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সবশেষ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন ব্যাংকে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়। বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাংক সূত্রের তথ্য অনুযায়ী, বিএফআইইউর পাঠানো ই-মেইলে সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবগুলোর বিভিন্ন তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) এবং হিসাবের পূর্ণাঙ্গ স্টেটমেন্ট।

এ ছাড়া সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে তার হিসাবগুলোর কেওয়াইসি ও স্টেটমেন্টের সফটকপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিএফআইইউর নির্ধারিত এক্সেল ফাইলেও হিসাবসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করে পাঠাতে বলা হয়েছে।

তলব করা তথ্যের মধ্যে চিহ্নিত প্রতিটি ব্যাংক হিসাবের সুদ থেকে অর্জিত আয় এবং উৎসে কর বা টিডিএসের তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, লেনদেনসংক্রান্ত তথ্য চাওয়ার ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। পাশাপাশি সংস্থাটির একটি পরিপত্রের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে তলব করা তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কার্যালয়ে ভাঙচুরের পর আলোচনা
সাম্প্রতিক সময়ে সালমান মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। দুর্বৃত্তরা তার কার্যালয়ে ঢুকে আসবাবসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়াও দেখা যায়।

ঘটনার পর সালমান মুক্তাদির প্রথমদিকে অভিযোগ করেছিলেন, বিএনপির লোকজন তার কাছে চাঁদা দাবি করেছিল। পরবর্তী সময়ে অবশ্য তিনি জানান, তার কাছে চাঁদা চাওয়া হয়নি। বক্তব্যের এই পরিবর্তন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়।

এদিকে, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ-উর রহমান মন্তব্য করেছেন। তিনি বলেন, সালমান মুক্তাদিরসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি ও ভাইরাল জনপ্রিয়তা পাওয়া ব্যক্তিরা ভবিষ্যতে তাদের বক্তব্য ও কর্মকাণ্ড আরও দায়িত্বশীলতার সঙ্গে পরিচালনা করবেন বলে তিনি আশা করেন।

তবে বিএফআইইউর ব্যাংক হিসাবের তথ্য তলবের সঙ্গে কার্যালয়ে ভাঙচুরের ঘটনা বা পরবর্তী বক্তব্য-বিতর্কের কোনো সরাসরি সম্পর্ক নির্দেশনায় উল্লেখ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *