রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণে বলেছেন, শিশুটিকে যেভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিক। এমন অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি । এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মামলার রায় ঘোষণা শুরু করেন।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। পরিবারের সদস্যদের নিয়ে আদালতে এসে তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি বহাল রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এর আগে, সোমবার (১৬ নভেম্বর) এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ করেন হাইকোর্ট। শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অন্যদিকে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান শুনানিতে অংশ নেন।
যেভাবে ঘটেছিল হত্যাকাণ্ড
মামলার বিবরণ অনুযায়ী, রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে থাকতেন মামলার আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার।
রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ মে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্বপ্নাকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। গ্রেপ্তারের পর ২১ মে সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে দুজনকেই কারাগারে পাঠানো হয়।
১৯ দিনের মধ্যে বিচারিক আদালতের রায়
তদন্ত শেষে ২৫ মে পল্লবী থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা অহিদুজ্জামান সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। একই দিন মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।
পরবর্তী সময়ে ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। ২ জুন রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। এক দিনেই সাক্ষ্যগ্রহণের কার্যক্রম শেষ হয়। পরদিন ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারা অনুযায়ী আসামিদের পরীক্ষা করা হয়।
সব কার্যক্রম শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় বিচারিক আদালত এ রায় দেন।
সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড, জরিমানাও
ট্রাইব্যুনালের রায়ে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ে ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী, তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়। তবে ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এ দণ্ড কার্যকর করার কথা বলা হয়।
মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
নির্ধারিত জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে কালেক্টরেট অফিসের মাধ্যমে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক এবং বিক্রি করে সেই অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশনাও ছিল রায়ে।
বিচারিক আদালতের মৃত্যুদণ্ডের রায়ের পর নিয়ম অনুযায়ী মামলার ডেথ রেফারেন্স ও সংশ্লিষ্ট নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দুই আসামি হাইকোর্টে জেল আপিল করেন। এসব আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে মঙ্গলবার সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার সিদ্ধান্ত দেন উচ্চ আদালত।








