মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের শ্রমবাজারে উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছেন প্রবাসী বাংলাদেশি কর্মীরা। বর্তমানে দেশটিতে কাজ করছেন ৩ লাখেরও বেশি বাংলাদেশি। বিদেশি কর্মীর সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান চতুর্থ। কুয়েতে সবচেয়ে বেশি কাজ করছেন ভারতীয় নাগরিকেরা।
কুয়েতের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস কুয়েত।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে কুয়েতে কর্মরত বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১ হাজার ৭২৬ জনে। বিদেশি কর্মীর তালিকায় বাংলাদেশের আগে রয়েছে ভারত, মিসর ও কুয়েত। এর মধ্যে ভারতীয় কর্মী ৮ লাখ ৭৮ হাজার ৬৮৮ জন এবং মিসরীয় কর্মী ৪ লাখ ৬৫ হাজার ৯৭৫ জন। কুয়েতি নাগরিক রয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৩৮৫ জন।
এ ছাড়া দেশটিতে কর্মরত ফিলিপিনো নাগরিকের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ১৯০ জন। নেপালি ১ লাখ ৭২ হাজার ৬৪৬ জন এবং শ্রীলঙ্কান কর্মী রয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৭১ জন।
এক বছরে বেড়েছে ৫৮ হাজার কর্মী
কুয়েতের সামগ্রিক শ্রমবাজারেও কর্মীর সংখ্যা বাড়ছে। ২০২৬ সালের জুন শেষে দেশটিতে মোট কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ৪৪ হাজার ৭৭৩ জনে। আগের বছরের একই সময়ে, অর্থাৎ ২০২৫ সালের জুনে এ সংখ্যা ছিল ২৯ লাখ ৮৬ হাজার ৫২৫ জন।
এক বছরের ব্যবধানে দেশটিতে কর্মীর সংখ্যা বেড়েছে ৫৮ হাজার ২৪৮ জন। এর মধ্যে বিদেশি কর্মীর সংখ্যা বেড়েছে ৫১ হাজার ২৪ জন। বর্তমানে কুয়েতে বিদেশি কর্মীর সংখ্যা ১৮ লাখ ৩১ হাজারের বেশি।
অন্যদিকে একই সময়ে দেশটিতে কর্মরত কুয়েতি নাগরিকের সংখ্যা কমেছে ১৭ হাজার ৫৩৪ জন। ফলে দেশটির কর্মসংস্থানে প্রবাসীদের অংশগ্রহণের গুরুত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে।
শ্রমবাজারের বড় অংশ প্রবাসীদের দখলে
গৃহকর্মীদের বাদ দিয়ে কুয়েতের শ্রমবাজারের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, সেখানে বিদেশি কর্মীদের অংশগ্রহণ ৮০.৯ শতাংশ। বিপরীতে কুয়েতি নাগরিকদের অংশ ১৯.১ শতাংশ।
খাতভিত্তিক কর্মসংস্থানের হিসাবে বেসরকারি খাতে কাজ করেন দেশটির মোট কর্মীর ৫৮.৫ শতাংশ। গৃহকর্মী হিসেবে নিয়োজিত রয়েছেন ২৫.৭ শতাংশ এবং সরকারি খাতে কর্মরত ১৫.৮ শতাংশ।
সরকারি চাকরিতে কুয়েতিদের অংশগ্রহণ তুলনামূলক বেশি। দেশটির কর্মরত নাগরিকদের প্রায় ৮৩ শতাংশ সরকারি খাতে কাজ করেন। অন্যদিকে বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ও সেবামূলক কাজে প্রবাসী কর্মীদের উপস্থিতি বেশি।
বেতনে বড় ব্যবধান কুয়েতি ও প্রবাসীদের
কুয়েতের শ্রমবাজারে কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় ও বিদেশি কর্মীদের বেতনের পার্থক্যও উল্লেখযোগ্য। প্রতিবেদন অনুযায়ী, সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে একজন কুয়েতি কর্মীর গড় মাসিক বেতন ১ হাজার ৬০৩ দিনার। বিপরীতে প্রবাসী কর্মীদের গড় মাসিক বেতন ৩৫৬ দিনার।
শুধু বেসরকারি খাতের হিসাবেও ব্যবধানটি বড়। এ খাতে কুয়েতি কর্মীদের গড় মাসিক বেতন ১ হাজার ৪৩৩ দিনার। অন্যদিকে প্রবাসী কর্মীদের গড় বেতন ৩২৮ দিনার।
অর্থাৎ, কুয়েতের অর্থনীতি ও কর্মসংস্থানে বিদেশি শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বেসরকারি খাত ও বিভিন্ন সেবামূলক পেশায় প্রবাসীদের অংশগ্রহণ দেশটির শ্রমবাজারকে সচল রাখতে বড় অবদান রাখছে। এ তালিকায় ৩ লাখের বেশি বাংলাদেশি কর্মীর অবস্থান বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ।








