মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সবশেষ

বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে বড় ভরসা মধ্যপ্রাচ্যের ছয় দেশ

বাংলাদেশের প্রবাসী আয়ের বড় একটি অংশের জোগান দিচ্ছেন মধ্যপ্রাচ্যের ছয়টি উপসাগরীয় দেশে কর্মরত প্রবাসীরা। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে আসা মোট প্রবাসী আয়ের ৪৪ দশমিক ৬ শতাংশই এসেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার ও বাহরাইন থেকে। এতে দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ সচল রাখতে উপসাগরীয় শ্রমবাজারের গুরুত্ব আবারও সামনে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, অর্থবছরের প্রথম চার মাসে দেশে মোট ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। এর মধ্যে উপসাগরীয় ছয় দেশ থেকে এসেছে ৫১১ কোটি ৪১ লাখ ৯০ হাজার ডলার। অর্থাৎ দেশের মোট প্রবাসী আয়ের প্রায় অর্ধেকের জোগান দিচ্ছেন এসব দেশে কর্মরত বাংলাদেশিরা।

দেশভিত্তিক হিসাবে প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে শীর্ষে রয়েছে সৌদি আরব। জুলাই-অক্টোবর সময়ে দেশটি থেকে এসেছে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার, যা মোট প্রবাসী আয়ের ১৯ দশমিক ২ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। মোট আয়ে দেশটির অংশ ৯ শতাংশ।

অন্যদিকে কুয়েত থেকে এসেছে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার, যা মোট আয়ের ৫ দশমিক ৪ শতাংশ। ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ ডলার বা ৪ দশমিক ৮ শতাংশ, কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার বা ৪ দশমিক ৩ শতাংশ এবং বাহরাইন থেকে ২২ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার এসেছে, যা মোট প্রবাসী আয়ের প্রায় ২ শতাংশ।

শুধু চার মাসের সামগ্রিক হিসাবেই নয়, মাসভিত্তিক পরিসংখ্যানেও উপসাগরীয় দেশগুলোর ধারাবাহিক অবদান স্পষ্ট। জুলাইয়ে এ ছয় দেশ থেকে দেশে এসেছে ১২৯ কোটি ৯০ লাখ ডলার, যা ওই মাসের মোট প্রবাসী আয়ের ৪৫ দশমিক ৪ শতাংশ। আগস্টে এসেছে ১২৬ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ডলার, যা মাসটির মোট আয়ের ৪২ দশমিক ৬ শতাংশ।

সেপ্টেম্বরে উপসাগরীয় ছয় দেশ থেকে প্রবাসী আয় এসেছে ১২৪ কোটি ৭০ লাখ ১০ হাজার ডলার। ওই মাসে মোট প্রবাসী আয়ে দেশগুলোর অবদান ছিল ৪৫ দশমিক ১ শতাংশ। অক্টোবরেও একই ধারাবাহিকতা বজায় ছিল। মাসটিতে এসব দেশ থেকে এসেছে ১৩০ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ডলার, যা মোট আয়ের ৪৫ দশমিক ৪ শতাংশ।

অর্থাৎ পরপর চার মাসেই দেশের মোট প্রবাসী আয়ের ৪২ শতাংশের বেশি এসেছে মধ্যপ্রাচ্যের এই ছয় দেশ থেকে। ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার জোগান ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় উপসাগরীয় অঞ্চলে কর্মরত শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রেরও উল্লেখযোগ্য অবদান রয়েছে। আলোচ্য চার মাসে যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার, যা মোট প্রবাসী আয়ের ১৪ দশমিক ১ শতাংশ। যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার বা ৯ দশমিক ২ শতাংশ।

এ ছাড়া মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার ডলার, যা মোট আয়ের ৭ দশমিক ৯ শতাংশ। ইতালি থেকে এসেছে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার বা ৬ দশমিক ৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাসসকে বলেন, উপসাগরীয় দেশগুলো থেকে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয় আসা ওই অঞ্চলে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন।

তিনি বলেন, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক খাতের জন্য ইতিবাচক। একই সঙ্গে প্রবাসীদের মধ্যে আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থ পাঠানোর প্রবণতা ও আস্থা বাড়ার বিষয়টিও এতে প্রতিফলিত হচ্ছে।

প্রবাসী আয় পাঠানোর প্রক্রিয়া আরও সহজ, সুবিধাজনক ও আকর্ষণীয় করতে সরকার এবং বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানান তিনি। এসব উদ্যোগের মধ্যে অবৈধ হুন্ডি লেনদেন নিরুৎসাহিত করা এবং বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর সুযোগ সম্প্রসারণের বিষয়টি রয়েছে।

আরিফ হোসেন খান বলেন, প্রবাসী আয়ের প্রবৃদ্ধি প্রবাসী কর্মী ও তাদের পরিবারের আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার ওপর আস্থার ইতিবাচক ইঙ্গিত। অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করা, ব্যাংকিং সেবার মান উন্নত করা এবং আনুষ্ঠানিক বৈদেশিক মুদ্রাবাজার শক্তিশালী করতে সরকারের নেওয়া পদক্ষেপগুলোর ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।

মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রশংসা করে তিনি আরও বলেন, তাদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার তারল্য বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসী আয়ের এই প্রবাহ অব্যাহত থাকলে দেশের লেনদেনের ভারসাম্য উন্নত হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে এবং বৈদেশিক খাতে স্থিতিশীলতা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রবাসীদের জন্য অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিদেশে কর্মরত বাংলাদেশিরাও। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের প্রবাসী নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, দেশে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ প্রবাসীদের জন্য সহায়ক হচ্ছে।

তবে উপসাগরীয় দেশগুলো থেকে প্রবাসী আয়ের এই বড় প্রবাহ ধরে রাখার ক্ষেত্রে কিছু বিষয় গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এসব দেশে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ, বেতনের পরিমাণ এবং জীবনযাত্রার ব্যয় সরাসরি দেশে অর্থ পাঠানোর সক্ষমতার ওপর প্রভাব ফেলে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান বলেন, প্রবাসী আয়ের প্রবৃদ্ধি দীর্ঘমেয়াদে ধরে রাখতে হলে বিদেশে বাংলাদেশের শ্রমবাজারে বৈচিত্র্য আনতে হবে। পাশাপাশি কর্মীদের দক্ষতা বাড়ানো এবং নতুন নতুন দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার ওপর গুরুত্ব দিতে হবে। এতে হাতে গোনা কয়েকটি দেশের শ্রমবাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো সম্ভব হবে।

তিনি বলেন, প্রবাসী আয় বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। এই অর্থ লাখ লাখ পরিবারের জীবনযাত্রায় সহায়তা করছে, দেশের অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়াচ্ছে এবং বৈদেশিক আর্থিক স্থিতিশীলতা জোরদার করছে।

বিশ্লেষকদের মতে, উপসাগরীয় ছয় দেশের শ্রমবাজার বাংলাদেশের জন্য এখনো প্রবাসী আয়ের অন্যতম প্রধান ভিত্তি। তবে এই প্রবাহের ধারাবাহিকতা নিশ্চিত করতে বিদ্যমান শ্রমবাজার ধরে রাখার পাশাপাশি নতুন দেশ ও নতুন কর্মসংস্থানের ক্ষেত্র অনুসন্ধান করাও জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *