মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সবশেষ

চাকরির প্রলোভনে শ্রীলঙ্কায় বাংলাদেশিরা, জরুরি হস্তক্ষেপের আহ্বান

বিদেশে ভালো বেতনের চাকরির আশায় শ্রীলঙ্কায় গিয়ে বিপাকে পড়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি কর্মী। ইউরোপের বিভিন্ন দেশ, সার্বিয়া, আলবেনিয়া, বসনিয়া ও ফিজিতে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তাদের শ্রীলঙ্কায় পাঠানোর পর অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অর্থ, খাবার ও নিরাপদ আবাসনের সংকটে পড়ে মানবেতর দিন কাটাচ্ছেন অনেকে। এ অবস্থায় তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

মানবপাচার ও মানব চোরাচালানের শিকার ব্যক্তিদের উদ্ধার এবং প্রত্যাবাসনে কাজ করা অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন কর্মী ও তাদের পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ উদ্বেগ জানিয়েছে।

সংগঠনটির দাবি, কিছু অসাধু দালাল, ট্রাভেল এজেন্সি ও রিক্রুটিং এজেন্সি বিদেশে আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি কর্মীদের শ্রীলঙ্কায় নিয়ে যাচ্ছে। তাদের আশ্বাস দেওয়া হচ্ছে, শ্রীলঙ্কা থেকে পরবর্তী সময়ে ইউরোপসহ নির্ধারিত কর্মস্থলে পাঠানো হবে। কিন্তু দেশটিতে পৌঁছানোর পর অনেক কর্মীকে সেখানেই রেখে দালাল ও এজেন্সির প্রতিনিধিরা বাংলাদেশে ফিরে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অনির্বাণের কাছে আসা তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কায় গিয়ে এমন পরিস্থিতির শিকার হওয়া কিছু বাংলাদেশি নিজেদের উদ্যোগে ও খরচে দেশে ফিরতে সক্ষম হয়েছেন। তবে এখনও অনেকে দেশটিতে অবস্থান করছেন। তাদের অবস্থান হিসেবে কলম্বোর রণমাল রোড, কাটুনায়েক এবং কলম্বো-১৩ এলাকার কথা জানিয়েছে সংগঠনটি।

আটকে পড়া কর্মীদের অনেকের কাছে দৈনন্দিন খাবার ও আবাসনের ব্যয় মেটানোর মতো পর্যাপ্ত অর্থ নেই। নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা ও মানসিক চাপের মধ্যে দিন পার করছেন তারা। দেশে থাকা পরিবারের সদস্যরাও তাদের নিরাপত্তা এবং প্রত্যাবর্তন নিয়ে উদ্বিগ্ন।

এ ঘটনাকে সম্ভাব্য প্রতারণামূলক অভিবাসন ও মানবপাচারের ঝুঁকি হিসেবে দেখছে অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন। সংগঠনটির আশঙ্কা, দ্রুত উদ্ধার ও সহায়তার ব্যবস্থা করা না হলে কর্মীরা আরও বড় ধরনের শোষণের শিকার হতে পারেন।

এ পরিস্থিতিতে ১৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর জরুরি স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। সভাপতি মো. আল-আমিন নয়নের স্বাক্ষরিত স্মারকলিপিতে শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সঠিক সংখ্যা ও অবস্থান শনাক্ত করে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ জন্য কলম্বোতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে কাজে লাগিয়ে কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং শ্রীলঙ্কা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। দেশে ফেরা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মীদের খাবার, নিরাপদ আবাসন, চিকিৎসা ও জরুরি আর্থিক সহায়তা দেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।

শুধু প্রত্যাবাসন নয়, কর্মীদের বিদেশে পাঠানোর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনারও দাবি উঠেছে। স্মারকলিপিতে সংশ্লিষ্ট দালাল, মধ্যস্বত্বভোগী, ট্রাভেল এজেন্সি ও রিক্রুটিং এজেন্সির ভূমিকা তদন্তের কথা বলা হয়েছে। প্রতারণা কিংবা মানবপাচারের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স ও নিয়োগ কার্যক্রম যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

অনির্বাণের সভাপতি মো. আল-আমিন নয়ন বলেন, ভালো কাজের আশায় অনেক মানুষ ঋণ করে কিংবা জমিজমা বিক্রি করে বিদেশে পাড়ি জমান। সেই স্বপ্নকে পুঁজি করে কর্মীদের অন্য দেশে নিয়ে অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখার দায় সংশ্লিষ্ট এজেন্সিগুলো এড়াতে পারে না।

তিনি বলেন, শ্রীলঙ্কায় অবস্থানরত কর্মীদের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপত্তা, মানবিক সহায়তা এবং দেশে ফেরার নিশ্চয়তা। সরকার দ্রুত তাদের পাশে দাঁড়াবে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে জবাবদিহি নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে অভিবাসন ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছে সংগঠনটি। বিশেষ করে শ্রীলঙ্কাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে প্রতারণামূলকভাবে কর্মী পাঠানোর প্রবণতা বন্ধে বিমানবন্দরসহ সংশ্লিষ্ট অভিবাসন ব্যবস্থায় কার্যকর তদারকির সুপারিশ করা হয়েছে।

পাশাপাশি যারা ইতোমধ্যে দেশে ফিরেছেন, তাদের সম্ভাব্য মানবপাচারের ভুক্তভোগী হিসেবে শনাক্ত করে আইনি সহায়তা, মনোসামাজিক সেবা ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছে সংগঠনটি। এ ধরনের পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কর্মীদের কোনোভাবেই অপরাধী হিসেবে বিবেচনা না করার আহ্বানও জানানো হয়েছে।

সমস্যাটির সমাধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিএমইটি, বাংলাদেশ হাইকমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছে অনির্বাণ। এ বিষয়ে দেওয়া স্মারকলিপির অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছে।

উল্লেখ্য, অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন মানবপাচারের প্রত্যক্ষ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের নেতৃত্বে পরিচালিত একটি সারভাইভার-লেড সংগঠন। নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, মানবপাচার প্রতিরোধ, ভুক্তভোগীদের সহায়তা, নিরাপদ প্রত্যাবাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছে প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *