মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়ম বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে একজন কর্মীর মেডিকেল পরীক্ষার জন্য সর্বোচ্চ ৮ হাজার টাকা নেওয়া যাবে। এর বেশি অর্থ আদায় কিংবা ইচ্ছাকৃতভাবে কাউকে আনফিট ঘোষণা করে বারবার পরীক্ষা করানোর সুযোগ থাকছে না।
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ১১ দফা নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে নতুন নির্দেশনার বিষয়টি জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রণালয়ের নির্দেশনাগুলো ফরেন ওয়ার্কার্স সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) আওতাভুক্ত মেডিকেল সেন্টারগুলোর জন্য প্রযোজ্য হবে। এর মূল উদ্দেশ্য মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আগে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমে অনিয়ম, অতিরিক্ত ফি আদায় ও জালিয়াতি বন্ধ করা।
মেডিকেলে ৮ হাজার টাকার বেশি নেওয়া যাবে না
নতুন নির্দেশনায় মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। কোনো মেডিকেল সেন্টার এই নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ নিতে পারবে না। এমনকি ‘মাইগ্রাম’ নামেও কর্মীদের কাছ থেকে কোনো টাকা আদায় করা যাবে না।
একই কর্মীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনীয়ভাবে একাধিকবার মেডিকেল পরীক্ষা করানোও নিষিদ্ধ করা হয়েছে। ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, সরবরাহ কিংবা ব্যবহার করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনা হবে।
ডিমান্ড লেটারের বাইরে স্লিপ ইস্যুতে সীমা
কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অনিয়ম ঠেকাতে মেডিকেল স্লিপ ইস্যুর ক্ষেত্রেও সীমা নির্ধারণ করেছে মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, ডিমান্ড লেটারে যতজন কর্মীর কথা উল্লেখ থাকবে, সেই সংখ্যার ভিত্তিতেই মেডিকেল স্লিপ দিতে হবে। তবে নির্ধারিত সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ অতিরিক্ত স্লিপ ইস্যু করা যাবে। এর বাইরে অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে কোনো মেডিকেল সেন্টার নিজ উদ্যোগে স্লিপ দিতে পারবে না।
পরীক্ষার সব তথ্য অনলাইনে সংরক্ষণ বাধ্যতামূলক
মেডিকেল পরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা আনতে প্রতিটি সেন্টারকে প্রতিদিন সম্পন্ন হওয়া পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন তৈরি ও সংরক্ষণ করতে হবে। এসব তথ্য অনলাইনে পাঠানোর পাশাপাশি মন্ত্রণালয়েও জমা দিতে হবে।
প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে উল্লেখ করতে হবে। এর মাধ্যমে মেডিকেল পরীক্ষার প্রতিটি ধাপের তথ্য সংরক্ষণ ও যাচাইয়ের সুযোগ তৈরি হবে।
মালয়েশিয়ায় গিয়ে আনফিট হলে ব্যয় বহন করবে মেডিকেল সেন্টার
নতুন নির্দেশনার গুরুত্বপূর্ণ একটি দিক হলো, বাংলাদেশে মেডিকেল পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগ পাওয়ার আগেই কোনো কর্মী আনফিট হলে তার আর্থিক দায় নিতে হবে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে।
ওই কর্মীর দেশে ফেরত পাঠানোর খরচসহ এ-সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। ফলে মেডিকেল পরীক্ষার ফলাফলের নির্ভরযোগ্যতা নিশ্চিত করার দায়িত্বও সেন্টারগুলোর ওপর বর্তাবে।
মানসম্মত সরঞ্জাম ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকতে হবে
নির্দেশনায় প্রতিটি মেডিকেল সেন্টারে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসাসেবা-সংক্রান্ত সুযোগ-সুবিধা এবং কর্মীদের বসার উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড ও নির্ধারিত নিয়ম অনুসরণ করেই মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে হবে। এ ছাড়া প্রতিটি সেন্টারের প্রবেশপথের সামনে বড় ও সহজে দৃশ্যমান বিলবোর্ড স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।
শর্ত ভাঙলে বাতিল হতে পারে লাইসেন্স
মন্ত্রণালয়ের ১১ দফা নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
নির্দেশনাগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে মন্ত্রণালয় একটি শক্তিশালী পর্যবেক্ষক দল গঠন করবে। দলটি মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম কঠোরভাবে তদারকি করবে।
সংশ্লিষ্টদের মতে, নতুন নির্দেশনাগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হলে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায়, হয়রানি ও জালিয়াতি কমানোর পাশাপাশি পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর সুযোগ তৈরি হবে।








