রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সবশেষ

জর্ডানে ১৪০ নারী পোশাককর্মী নিয়োগ দেবে বোয়েসেল, আবেদন করবেন যেভাবে

সরকারিভাবে জর্ডানে যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দক্ষ নারী পোশাককর্মীরা। দেশটির একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান এপিক ডিজাইনার্স লিমিটেড কোম্পানিতে (Epic Designers LTD. Co.) তিনটি ক্যাটাগরিতে মোট ১৪০ জন নারী কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এ নিয়োগে আগ্রহীদের সরাসরি সাক্ষাৎকার ও দক্ষতা যাচাই পরীক্ষায় অংশ নিতে হবে।

রোববার (২২ নভেম্বর) প্রকাশিত বোয়েসেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) সকাল ৮টার মধ্যে ঢাকার মিরপুরে অবস্থিত মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রার্থীদের উপস্থিত হতে হবে।

কোন পদে কতজন নিয়োগ পাবেন?
বোয়েসেলের বিজ্ঞপ্তিতে তিনটি ক্যাটাগরিতে দক্ষ নারী কর্মী নেওয়ার কথা জানানো হয়েছে। এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে শার্ট ও প্যান্ট তৈরির কাজে মেশিন অপারেটর হিসেবে ওয়েস্টব্যান্ড অ্যাটাচ এবং ইনসিম জয়েন প্রক্রিয়ায় ২০ জন কর্মী নেওয়া হবে। এ ক্ষেত্রে ফ্লোডার (Folder), কানসাই (Kansai) এবং ফিট অব দ্য আর্ম ফ্লোডার (FOA Folder) মেশিনে কাজের দক্ষতা থাকতে হবে।

দ্বিতীয় ক্যাটাগরিতেও শার্ট ও প্যান্ট তৈরির জন্য ২০ জন মেশিন অপারেটর নিয়োগ দেওয়া হবে। এ পদে সাইডসিম জয়েন ও বটম হেমের কাজ জানা প্রার্থীদের পাশাপাশি ফিট অব দ্য আর্ম শার্ট (FOA Shirt) এবং ফ্লোডার (Folder) মেশিনে দক্ষতা প্রয়োজন।

তৃতীয় ক্যাটাগরিতে নিট-টি-শার্ট ও জ্যাকেট তৈরির কাজে ১০০ জন নারী কর্মী নেওয়া হবে। স্লিভ অ্যাটাচ, সাইড সিম, প্যানেল অ্যাটাচ, বটম হেম, অ্যাটাচ বটম, রিব, নেক ও কাফের কাজে অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে ফ্ল্যাট সিমার (Flat Seamer), ফ্ল্যাটলক (Flatlock) ও ওভারলক (Overlock) মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রতিটি ক্যাটাগরির প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অন্তত দুটি প্রক্রিয়া সম্পাদনের ভিডিও সঙ্গে আনতে হবে। তৃতীয় ক্যাটাগরির ক্ষেত্রে দুটি ভিডিও প্রদর্শন বাধ্যতামূলক।

আবেদনকারীদের যোগ্যতা ও বয়স
নিয়োগে অংশ নিতে হলে সংশ্লিষ্ট কাজে ২ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ৩৮ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম পঞ্চম শ্রেণি পাস হতে হবে।

তবে শুধু অভিজ্ঞতা থাকলেই নিয়োগ নিশ্চিত হবে না। প্রার্থীদের সরাসরি ট্রেড টেস্ট বা দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বর্তমানে কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে সেই প্রতিষ্ঠানের পরিচয়পত্রও সাক্ষাৎকারের সময় সঙ্গে রাখতে হবে।

বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষণ নেওয়া সনদধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও চাকরির সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তিতে মাসিক মূল বেতন ১৩০ জর্ডানিয়ান দিনার উল্লেখ করা হয়েছে। নির্বাচিত কর্মীদের জন্য দৈনিক আট ঘণ্টা করে সপ্তাহে ছয় দিন কাজের সময় নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত সময় কাজের সুযোগ থাকলেও তা বাধ্যতামূলক নয়।

চাকরির চুক্তির মেয়াদ হবে তিন বছর। তবে চুক্তি নবায়নের সুযোগ থাকবে।

কর্মীদের আবাসন, খাবার, প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াতের ব্যবস্থা করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। পাশাপাশি চাকরিতে যোগদানের সময় জর্ডানে যাওয়ার বিমানভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরার বিমানভাড়াও নিয়োগকর্তা বহন করবে।

কর্মীদের কত টাকা খরচ করতে হবে?
বোয়েসেলের এই নিয়োগের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো, নির্বাচিত কর্মীদের বেশির ভাগ নিয়োগসংক্রান্ত খরচ বহন করতে হবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বোয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন কর, ১৫ শতাংশ ভ্যাট, রেজিস্ট্রেশন ফি, জীবনবিমা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ ফিসহ নির্ধারিত সব খরচ বহন করবে জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান।

তবে কয়েকটি নির্দিষ্ট খরচ কর্মীদের নিজেদের বহন করতে হবে। এগুলো হলো: মেডিকেল পরীক্ষা ফি: ১ হাজার টাকা। পিডিও প্রশিক্ষণ ফি: ৩০৫ টাকা। ফিঙ্গারপ্রিন্ট ফি: ২০০ টাকা। অঙ্গীকারনামার স্ট্যাম্প খরচ: ৫০০ টাকা।

অর্থাৎ প্রাথমিকভাবে এসব খাতে একজন নির্বাচিত কর্মীর মোট খরচ হবে ২ হাজার ৫ টাকা। তবে মেডিকেল ফি বাবদ দেওয়া ১ হাজার টাকা চূড়ান্তভাবে জর্ডানে গমনকারী কর্মীদের নিয়োগকারী প্রতিষ্ঠান পরিশোধ করবে।

বোয়েসেল জানিয়েছে, চূড়ান্তভাবে কর্মী নির্বাচিত হওয়ার আগে কোনো ফি দিতে হবে না। সব ধরনের ফি ও চার্জ ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে।

সাক্ষাৎকারে যেসব কাগজপত্র লাগবে
সরাসরি সাক্ষাৎকার ও দক্ষতা পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের সঙ্গে রাখতে হবে চার কপি সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন পাসপোর্ট সাইজ ছবি, মূল পাসপোর্ট এবং পাসপোর্টের ছবিযুক্ত অংশের পাঁচ সেট রঙিন ফটোকপি।

পাসপোর্টের মেয়াদ কমপক্ষে এক বছর থাকতে হবে। একাধিক পাসপোর্ট থাকলে সবগুলো সঙ্গে আনতে হবে। এ ছাড়া শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এবং জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ডের কপিও জমা দিতে হবে।

কোথায় ও কখন উপস্থিত হতে হবে?
আগামী ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার সকাল ৮টার মধ্যে আগ্রহী নারী প্রার্থীদের সরাসরি উপস্থিত হতে হবে: মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মিরপুর, ঢাকা-১২১৬।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত জানতে বোয়েসেলের ০২-৪৮৩১৯১২৫, ০২-৪৮৩১৭৫১৫ ও ০২-৫৮৩১১৮৩৮ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া প্রবাসবন্ধু কল সেন্টারের ১৬১৩৫ নম্বরেও তথ্য পাওয়া যাবে।

বোয়েসেলের কার্যালয়ের ঠিকানা: প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইট: www.boesl.gov.bd ই-মেইল: info@boesl.gov.bd

উল্লেখ্য, প্রার্থীদের বিরুদ্ধে বাংলাদেশ বা জর্ডানে কোনো মামলা থাকলে তারা নিয়োগের জন্য অযোগ্য বিবেচিত হবেন। নিয়োগের অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী কার্যকর হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগে অংশগ্রহণের জন্য কোনো আগাম ফি দেওয়ার প্রয়োজন নেই। তাই দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে অর্থ লেনদেন না করে সরাসরি বোয়েসেলের নির্ধারিত প্রক্রিয়ায় অংশ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *