মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান ও বিদেশি শ্রমিক নিয়োগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এরই অংশ হিসেবে মাত্র তিন দিনে দেশজুড়ে ৩৪টি কারখানায় অভিযান চালিয়ে ৫১৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের জাতীয়তার তালিকায় সবচেয়ে বেশি বাংলাদেশি রয়েছেন। তবে বাংলাদেশিসহ অন্যান্য দেশের কতজন নাগরিক আটক হয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
শনিবার (২১ নভেম্বর) মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে অংশ নেন অভিবাসন বিভাগের ৫৬৯ জন কর্মকর্তা। এ সময় বিদেশি কর্মীর উপস্থিতি বেশি এমন বিভিন্ন কারখানায় মোট ১ হাজার ৭০২ জনের পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাই করা হয়।
অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, ভারত, চীন ও তাইওয়ানের নাগরিক রয়েছেন। আটক বিদেশিদের বয়স ২২ থেকে ৫৬ বছরের মধ্যে।
অভিযানের উল্লেখযোগ্য ঘটনা ঘটে শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে। সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের মেরু এলাকায় অবস্থিত একটি নখ প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়ে ১৩১ জনের পরিচয় যাচাই করেন কর্মকর্তারা। এর মধ্যে ৭১ জন বিদেশিকে আটক করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ মানুষের অভিযোগ, গোয়েন্দা তথ্য এবং দীর্ঘদিনের নজরদারির ভিত্তিতে কারখানাগুলোকে অভিযানের আওতায় আনা হয়। মূলত অভিবাসন আইন অমান্য করে বিদেশিদের নিয়োগ এবং অনুমোদন ছাড়া দেশটিতে অবস্থানের বিষয়গুলো খুঁজে বের করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আটক ৫১৯ জনকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অভিবাসন বিভাগের আটককেন্দ্রে পাঠানো হয়েছে। পাশাপাশি বিদেশি শ্রমিক নিয়োগ ও তাদের ব্যবস্থাপনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে ৪২ জন মালয়েশীয় নাগরিককে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে।
অভিবাসন বিভাগ আরও স্পষ্ট করেছে, এ ধরনের অভিযানে শুধু আইন লঙ্ঘনকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে না। অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগ, আশ্রয় দেওয়া কিংবা অভিবাসন আইন লঙ্ঘনে সহায়তা করা নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও আইনের আওতায় আনা হবে।
সংশ্লিষ্টদের মতে, মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের বৈধতা যাচাইয়ে এমন অভিযান অভিবাসী কর্মীদের জন্য নতুন করে সতর্কবার্তা। বিশেষ করে বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রে নিয়োগসংক্রান্ত কাগজপত্র, কাজের অনুমতি এবং বৈধ অবস্থানের বিষয়গুলো নিশ্চিত করা জরুরি হয়ে উঠেছে।








