রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সবশেষ

মধ্যপ্রাচ্যের বাইরে রেমিট্যান্সের নতুন ভরসা অস্ট্রেলিয়া-কানাডা

প্রবাসী আয়ের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর নির্ভরশীল বাংলাদেশ। তবে সেই চিত্রে ধীরে ধীরে পরিবর্তন আসছে। প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত দেশ থেকেও বাড়ছে প্রবাসী আয়। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এ দুই দেশ থেকে বাংলাদেশে এসেছে ১৭ কোটি ২৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্সের উৎস সম্প্রসারণের ক্ষেত্রে এটি ইতিবাচক ইঙ্গিত।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত অস্ট্রেলিয়া থেকে ৯ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ডলার এবং কানাডা থেকে ৭ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দুই দেশ থেকে আসা অর্থ দেশের মোট প্রবাসী আয়ের প্রায় ১ দশমিক ৫ শতাংশ। এই চার মাসে দেশে সব মিলিয়ে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ডলার।

মাসভিত্তিক পরিসংখ্যানে অস্ট্রেলিয়া থেকে আসা রেমিট্যান্সে ওঠানামা থাকলেও সামগ্রিক প্রবাহ বেশ শক্তিশালী। জুলাই মাসে দেশটি থেকে এসেছে ২ কোটি ১৩ লাখ ডলার। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২ কোটি ২১ লাখ ৪০ হাজার ডলারে। সেপ্টেম্বরে আসে ২ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ডলার। অক্টোবরে কিছুটা কমে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার।

অন্যদিকে কানাডা থেকে আসা প্রবাসী আয়ে চার মাসজুড়েই ধারাবাহিক বৃদ্ধি দেখা গেছে। জুলাইয়ে দেশটি থেকে ১ কোটি ৭০ লাখ ৮০ হাজার ডলার পাঠানো হলেও আগস্টে আসে ১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলার। সেপ্টেম্বরে তা বেড়ে ২ কোটি ১০ লাখ এবং অক্টোবরে আরও বেড়ে দাঁড়ায় ২ কোটি ২৯ লাখ ৮০ হাজার ডলারে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাসসকে বলেন, বৈদেশিক মুদ্রার স্থিতিশীল প্রবাহ নিশ্চিত করতে রেমিট্যান্সের উৎস বাড়ানো গুরুত্বপূর্ণ। প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক খাতের জন্য ইতিবাচক। পাশাপাশি বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর বিষয়ে প্রবাসীদের আস্থা বাড়ার বিষয়টিও এতে প্রতিফলিত হচ্ছে।

তিনি জানান, প্রবাসীরা যাতে সহজে ও সুবিধাজনকভাবে বৈধ পথে দেশে অর্থ পাঠাতে পারেন, সে জন্য সরকার ও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে অবৈধ হুন্ডি লেনদেন বন্ধে নিরুৎসাহিত করার কার্যক্রমও চলছে। অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করা, ব্যাংকিং সেবার মান উন্নত করা এবং বৈধ বৈদেশিক মুদ্রাবাজারকে শক্তিশালী করার উদ্যোগগুলো রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রভাব ফেলছে।

মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অবদানও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র। তার মতে, এসব শ্রমিকের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার তারল্য বাড়ানোর পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে সহায়তা করছে।

বৈধ পথে অর্থ পাঠানোর সুবিধার কথা তুলে ধরেছেন অস্ট্রেলিয়াপ্রবাসী চট্টগ্রামের আশিক মজুমদারও। বাসসকে তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে এখন ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠানো আগের তুলনায় সহজ হয়েছে। অস্ট্রেলিয়া থেকে তিনি সহজেই বাংলাদেশে থাকা বাবার ভরণপোষণের জন্য অর্থ পাঠাতে পারছেন। রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করতে নেওয়া উদ্যোগগুলোরও প্রশংসা করেন তিনি।

এদিকে মোট প্রবাসী আয়ের উৎসের তালিকায় এখনো শীর্ষে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে সর্বোচ্চ ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার এসেছে সৌদি আরব থেকে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটি থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার, সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার এবং মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, রেমিট্যান্সের প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে দেশের অর্থনীতির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তাও জোগাচ্ছে এই প্রবাসী আয়।

তিনি বলেন, প্রবাসী আয় বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। এটি শুধু লাখ লাখ পরিবারের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তা করে না, বরং দেশের অভ্যন্তরীণ ভোগ ও চাহিদা বাড়ানোর পাশাপাশি বৈদেশিক আর্থিক স্থিতিশীলতা জোরদার করে।

অর্থনীতিবিদ ও অভিবাসন বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের রেমিট্যান্স আয়ের ভিত্তি আরও বিস্তৃত করতে হলে বিদেশে দক্ষ ও পেশাজীবী কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। বিশেষ করে অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত দেশগুলোতে দক্ষ জনশক্তির প্রবেশাধিকার বাড়ানো গেলে নতুন কর্মসংস্থানের পাশাপাশি দীর্ঘ মেয়াদে বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনাও তৈরি হবে।

তাদের মতে, মধ্যপ্রাচ্যনির্ভর শ্রমবাজারের পাশাপাশি উন্নত দেশগুলোকে কর্মসংস্থানের নতুন গন্তব্য হিসেবে গড়ে তুলতে পারলে রেমিট্যান্সের উৎসে বৈচিত্র্য আসবে। এতে কয়েকটি নির্দিষ্ট দেশের ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের ভিত্তিও আরও শক্তিশালী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *