সিঙ্গাপুর এয়ারলাইনসের উড়োজাহাজে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি এবং পরবর্তী সময়ে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যের গায়ে থুতু দেওয়ার ঘটনায় বাংলাদেশি এক যুবককে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। দুই পৃথক ঘটনায় দায়ের করা অভিযোগে দোষ স্বীকারের পর খন্দকার মোহাম্মদ ইয়ামিন (২৩) নামের ওই যুবককে দুই মাস ও আট সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত ২৩ নভেম্বর আদালতে তিনি অভিযোগ স্বীকার করেন। সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস এ তথ্য জানিয়েছে।
আদালতের নথি অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ভ্রমণের সময় তিন গ্লাস ওয়াইন পান করেন ইয়ামিন। এতে তিনি মাতাল হয়ে পড়েন। ফ্লাইট চলাকালে ভোর ৪টার দিকে নিজের আসনে বসে থাকা অবস্থায় ২৬ বছর বয়সী এক নারী কেবিন ক্রুর শরীরে হাত দেন। ঘটনাটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল বলে আদালতে জানান ডেপুটি পাবলিক প্রসিকিউটর ক্লারা লো।
এ ঘটনায় আতঙ্কিত ও ক্ষুব্ধ হয়ে ওই নারী কেবিন ক্রু ইয়ামিনকে এমন আচরণ থেকে বিরত থাকতে বলেন। তবে কোনো জবাব না দিয়ে তার দিকে তাকিয়ে হাসেন ইয়ামিন। পরে সহকর্মীদের বিষয়টি জানালে তারা তার মুখোমুখি হন এবং পুলিশকে খবর দেন। ফ্লাইটটি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর ইয়ামিনকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে ব্যক্তিগত মুচলেকায় মুক্তি পেলেও আরেক ঘটনায় পুলিশের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। গত ৭ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় তাকে মাতাল অবস্থায় পাওয়া যায়। এ সময় তিনি কাঁদছিলেন, অসংলগ্নভাবে চিৎকার করছিলেন এবং একটি শক্ত জায়গায় হেলান দিয়ে ছিলেন।
খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে অসুস্থ ও নেশাগ্রস্ত অবস্থায় দেখতে পান। তার নাক দিয়ে রক্ত ঝরছিল। সেখানে উপস্থিত চিকিৎসাকর্মীরা রক্তচাপ মাপার চেষ্টা করলে তিনি সহযোগিতা করেননি। বরং মাটিতে শুয়ে হাত-পা ছুড়তে থাকেন।
একপর্যায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সিগারেট দেওয়ার দাবি পূরণ না হওয়ায় তিনি আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। এ সময় তার পা ধরে রাখা এক পুলিশ সদস্যের গায়ে থুতু দেন।
এসব ঘটনায় ইয়ামিনের বিরুদ্ধে যৌন হয়রানি এবং সরকারি দায়িত্ব পালনরত ব্যক্তির ওপর অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগ আনা হয়। আদালতে উভয় অভিযোগ স্বীকার করার পর তার কারাদণ্ড ঘোষণা করা হয়।








