বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সবশেষ

চুরির উদ্দেশ্যে ছাদে অপেক্ষা, দেখে ফেলায় একে একে হত্যা করা হয় পরিবারের চারজনকে

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। তদন্তে হত্যাকাণ্ডের পেছনে চুরির পরিকল্পনার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের ভাষ্য, বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে চুরির উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। ছাদে অপেক্ষার সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলায় তাকে হত্যা করা হয়। পরে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করেন তারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।

পুলিশ কমিশনার জানান, দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। তদন্তে সংগৃহীত সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্যও তাদের জবানবন্দির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে দাবি পুলিশের।

গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলনে জানান, গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় প্রচলিত ধারণা ছিল। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও নিয়মিত স্বর্ণালংকার পরতেন। এসব তথ্য থেকেই বাড়িটিতে চুরির পরিকল্পনা করেন সিদ্ধার্থ ও মুগ্ধ।

তদন্তে আরও জানা গেছে, হত্যাকাণ্ডের ১৫ থেকে ১৭ দিন আগে সিদ্ধার্থ ওই বাড়িতে ঢুকেছিলেন। সে সময় পরিবারের সদস্যদের হাতে ধরা পড়ার পর তার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এর আগে পাশের তাতিপাড়া এলাকায় চুরি করতে গিয়েও দুই আসামি ধরা পড়েছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

পুলিশের তদন্ত অনুযায়ী, ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে গণপতি চক্রবর্তীর বাড়িতে যান দুই আসামি। প্রথমে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ছাদে অবস্থান নেন তারা। সেখানে ইয়াবা সেবনের একপর্যায়ে ছাদের শব্দ শুনে গণপতি চক্রবর্তী ওপরে গেলে তাদের দেখতে পান। তখন তার গলায় থাকা গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়।

এরপর ছাদে আসেন গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগমী চক্রবর্তী। তাদেরও হত্যা করা হয়। পরে বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকেও হত্যা করেন আসামিরা। পুলিশের দাবি, আগমীকে হত্যার সময় ধস্তাধস্তি হয়েছিল। পরে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায়।

হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান দুই আসামি। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে আসামিদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ ও বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষায় পরিবারের সদস্য ও দুই আসামির বাইরে অন্য কোনো ব্যক্তির ডিএনএ পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ।

গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়েও এলাকায় নানা আলোচনা ছিল। স্থানীয়ভাবে তার কাছে ৫০ থেকে ৬০ লাখ টাকা থাকার কথা প্রচলিত থাকলেও তদন্তে দেখা গেছে, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। ওই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ করা হয়েছে।

তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে মামলার বিচারিক কার্যক্রম এখনো শুরু হয়নি। অভিযোগপত্রের ওপর শুনানি ও অভিযোগ গঠনের পর বিচার শুরু হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

পুলিশের ব্যাখ্যায় আপত্তি পরিবারের

তবে হত্যাকাণ্ডের পেছনে শুধু চুরির উদ্দেশ্য ছিল—পুলিশের এমন ব্যাখ্যা মেনে নিতে রাজি নন নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তার দাবি, চারজনকে হত্যার ঘটনাকে চুরির সঙ্গে যুক্ত করা একটি খোঁড়া অজুহাত। এর পেছনে আরও শক্তিশালী কেউ জড়িত থাকতে পারেন।

গোপীনাথ চক্রবর্তী বলেন, শুরু থেকেই তারা বলে আসছেন, দুই ব্যক্তির পক্ষে একই পরিবারের চারজনকে হত্যা করা সম্ভব নয়। প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানালেও তাদের বক্তব্য গুরুত্ব পায়নি।

হত্যাকাণ্ডের পর থেকেই প্রশ্ন ও বিতর্ক

গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ছেলে আয়ুশের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন সংবাদ সম্মেলনে তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ হত্যাকাণ্ডের যে বিবরণ দিয়েছিলেন, তাতে হত্যার পর আসামিদের বাড়ির ভেতরে গোসল করা, খাবার খাওয়া ও ইয়াবা সেবনের তথ্যও উঠে এসেছিল।

তৎকালীন পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পর দুই আসামি বাড়ির আসবাবপত্র তছনছ করেন, আলমারির ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার নেন এবং বাড়ির দুটি ফোন ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে রাখেন। ডাকাতির ঘটনা হিসেবে হত্যাকাণ্ডকে উপস্থাপনের উদ্দেশ্যেই তারা এসব করেছিলেন বলে সে সময় দাবি করেছিল পুলিশ।

এ ঘটনায় নিহতদের বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পরে প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়। তারা বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

তবে তদন্তের শুরু থেকেই দুই আসামির পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন নিহতদের স্বজন, স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। প্রকৃত অপরাধীদের শনাক্ত ও অন্য কেউ জড়িত থাকলে তাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়।

উল্লেখ্য, হত্যাকাণ্ডের নয় দিন পর দুই আসামির ডোপ টেস্ট করা হলে তাদের শরীরে মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে, পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামতের ডিএনএ পরীক্ষায় তাদের উপস্থিতি নিশ্চিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *