দীর্ঘ বিরতির পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। সরকারি উদ্যোগে প্রায় বিনা খরচে কর্মী পাঠানোর এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দফায় ১১২ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছেন। পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কর্মীকে দেশটিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে কর্মীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দিনটি বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও দেশটিতে কর্মী পাঠানোর সুযোগ তৈরি হয়েছে। প্রথম পর্যায়ে ১১২ জন কর্মী যাচ্ছেন। পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কর্মীকে প্রায় বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হবে। এ উদ্যোগে সহযোগিতার জন্য মালয়েশিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আরও প্রশিক্ষিত কর্মী পাঠাতে পারলে তা কর্মী ও দেশ, উভয়ের জন্যই বেশি লাভজনক হতো। এ লক্ষ্যে সরকার বিভিন্ন দেশে যেতে আগ্রহী শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। বিশেষ করে বিদেশের কর্মক্ষেত্রে ভাষাগত দক্ষতার গুরুত্ব বিবেচনায় আগামী কয়েক মাসের মধ্যে গন্তব্য দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে।
বিদেশে কর্মরত বাংলাদেশিদের আচরণ ও পেশাদারত্ব দেশের ভাবমূর্তির সঙ্গে সরাসরি সম্পর্কিত উল্লেখ করে তারেক রহমান বলেন, বিদেশের মাটিতে প্রত্যেক কর্মীকেই বাংলাদেশ হিসেবে বিবেচনা করা হবে। তাই সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুন মেনে চলতে হবে। কর্মস্থলে সুনাম অর্জন করতে পারলে নিয়োগকর্তাদের মধ্যে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার আগ্রহ তৈরি হবে। এতে বাংলাদেশের মানুষের প্রতি তাদের আস্থাও বাড়বে।
প্রধানমন্ত্রী বিদায়ী কর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং তাঁদের সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বিদেশে জনশক্তি রপ্তানির সূচনা হয়। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের আমলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নামে পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের উদ্যোগে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে বিদেশে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হলো বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, বিদেশে যাওয়া কর্মীরা শুধু নিজেদের ও পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধিই আনবেন না, দেশের উন্নয়নেও ভূমিকা রাখবেন। তাঁদের হাত ধরেই বাংলাদেশ আরও সমৃদ্ধ ও স্বনির্ভরতার পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক মালয়েশিয়ার দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় শ্রমবাজারকেন্দ্রিক মালয়েশিয়া সফরের ফলেই কর্মী পাঠানোর পথ আবার উন্মুক্ত হয়েছে। এ প্রক্রিয়ায় ভূমিকা রাখায় মাহদী আমিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীও প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুপ্রেরণায় এ উদ্যোগ বাস্তবায়নের কথা তুলে ধরেন। তিনি মালয়েশিয়াগামী কর্মীদের দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের সুনাম বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মীদের হাতে শুভেচ্ছা স্মারক ও প্রয়োজনীয় নথিপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। পরে তাঁদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং কুশল বিনিময় করেন। এ সময়ও বিদেশের কর্মক্ষেত্রে ব্যক্তিগত আচরণ ও কাজের মাধ্যমে দেশের সম্মান রক্ষার বিষয়টি কর্মীদের স্মরণ করিয়ে দেন তিনি।








