রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সবশেষ

সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে কোথাও যাবে না: তেহরান

নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়ে কোনো ধরনের সমঝোতা হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের করা দাবি প্রত্যাখ্যান করে তেহরান বলেছে, তারা এমন কোনো প্রতিশ্রুতি কাউকে দেয়নি।

ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি আল–জাজিরাকে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনা বা তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধ করার কোনো প্রস্তাব তেহরান ‘সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান’ করেছে। এ বিষয়টিকে ইরান তাদের ‘কৌশলগত রেড লাইন’ (চরম সীমা) হিসেবে বিবেচনা করে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করবে। এমনকি গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্র সব পারমাণবিক “ধুলো” (নিউক্লিয়ার ডাস্ট) নিয়ে নেবে।’

ট্রাম্পের এমন দাবি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজকে তিনি বলেন, ‘সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র। কোনো অবস্থায় এটি কোথাও হস্তান্তর করা হবে না।’

উল্লেখ্য, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, ইরানের ৬০ শতাংশ পর্যন্ত মাত্রায় সমৃদ্ধ ৪০০ কেজির বেশি ইউরেনিয়াম মজুত রয়েছে। পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রায় ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন।

তথ্যসূত্র: আল–জাজিরা ও মিডল ইস্ট আই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *