মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সবশেষ

নোয়াখালীতে মাটি খননের সময় মিলল মর্টার শেল

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় খালে মাটি খননের সময় একটি পুরোনো মর্টার শেল তুলেছে শ্রমিকেরা। খবর পেয়ে গতকাল সোমবার দুপুরে জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজহার আলীর বাড়ি থেকে পুলিশ মর্টার শেলটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, শনিবার জয়াগের দৈয়ারা গ্রামের মানিক মিস্ত্রির বাড়ির পাশে খাল থেকে কয়েকজন শ্রমিক মাটি কেটে তুলছিলেন। এ সময় হঠাৎ লোহার মতো একটি শক্ত বস্তুর সন্ধান পান তারা। কৌতূহলবশত সেটি পরিষ্কার করলে ‘মর্টার শেল’ দৃশ্যমান হয়। তারা মর্টার শেলটি বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনার দুইদিন পর আজহার আলীর বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করে।

সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন বলেন, মর্টার শেলটি দীর্ঘদিনের পুরোনো অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের হতে পারে। মাটি কাটা শ্রমিকেরা মর্টার শেলটির বিষয়ে ভালোভাবে কিছু না জানার কারণে নিজের বাড়িতে নিয়ে যায়। খবর পাওয়ার সাথে সাথে মর্টার শেলটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বিষয়টি ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বোম ডিসপোজাল টিম আসার পর মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হবে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *