চাঁদপুরে শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি পুনরায় চালুর মধ্য দিয়ে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, তরুণদের ইতিবাচক পথে রাখার জন্য শিক্ষা ও ক্রীড়ার বিকল্প নেই, আর সেই লক্ষ্যেই বর্তমান উদ্যোগগুলো নেওয়া হয়েছে।
শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা পর্যায়ের এই ক্রীড়া আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে দাবি করেন, অতীতে ভুল নীতির কারণে তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এখন সরকার শিক্ষা ও খেলাধুলাকে গুরুত্ব দিয়ে নতুন প্রজন্মকে দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে শিশুদের জন্য খেলাধুলাভিত্তিক উদ্যোগকে পুনরুজ্জীবিত করেছেন, যা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অবস্থান শক্ত করবে।
এসময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে চালু হওয়া ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির কথা স্মরণ করেন। তার মতে, শিক্ষা ও বিনোদনের সমন্বয়ে শিশুদের বিকাশ ঘটানোর যে চিন্তা থেকে এই কর্মসূচির সূচনা হয়েছিল, সেটিকেই আবার সামনে আনা হয়েছে।
চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের প্রার্থী এম এ হান্নান, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মমিনুল হক, পুলিশ সুপার রবিউল হাসানসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় মোট আটটি ইভেন্টে খেলোয়াড়রা অংশ নিচ্ছেন, যা শিশু-কিশোরদের মাঝে ক্রীড়াচর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করছেন।








