সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সবশেষ

প্রবাসীসেবা ও বাণিজ্য বাড়াতে তিন দেশে নতুন কনস্যুলেট

প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও সহজলভ্য করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়াতে তিন দেশে নতুন কনস্যুলেট জেনারেল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। চীনের গুয়াংজো, জার্মানির ফ্রাঙ্কফুর্ট এবং ব্রাজিলের সাও পাওলোতে এসব কনস্যুলেট স্থাপন করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন মিশনগুলোর সাংগঠনিক কাঠামোয় প্রয়োজনীয় পদ, যানবাহন ও অফিস সরঞ্জাম যুক্ত করতে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদন ইতোমধ্যে পাওয়া গেছে।

সরকারের এ উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো সংশ্লিষ্ট অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের কনস্যুলার সেবা পাওয়ার প্রক্রিয়া সহজ করা। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এসব শহরকে কেন্দ্র করে বাংলাদেশের বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলো শহরই বাংলাদেশের কূটনৈতিক, বাণিজ্যিক ও কনস্যুলার স্বার্থের দিক থেকে গুরুত্বপূর্ণ। নতুন কনস্যুলেট চালু হলে এসব অঞ্চলে থাকা বাংলাদেশিরা নিজ নিজ এলাকায় আরও সহজে প্রয়োজনীয় কনস্যুলার সেবা নিতে পারবেন।

সংশ্লিষ্টদের মতে, নতুন মিশনগুলো শুধু প্রবাসীদের সেবার পরিধি বাড়াবে না, বরং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও কূটনৈতিক যোগাযোগ আরও বিস্তৃত করার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *