বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে আলোচনার পথ বেছে নিতে আগ্রহী বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, ইরানের জনগণের স্বার্থ ও অধিকার ক্ষুণ্ন হওয়ার মতো কোনো সমঝোতা তেহরান মেনে নেবে না।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে টেলিফোনে আলাপকালে পেজেশকিয়ান এ অবস্থানের কথা তুলে ধরেন। ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া।

আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতি অনাস্থার কথাও তুলে ধরেন ইরানি প্রেসিডেন্ট। তার অভিযোগ, দ্বিপক্ষীয় সংলাপ চলমান থাকা অবস্থাতেই ওয়াশিংটন ইরানের ওপর দুবার হামলা চালিয়েছে। এ ঘটনাকে তিনি ‘পেছন থেকে ছুরি মারা’র সঙ্গে তুলনা করেন।

অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক তৈরির শেষ পর্যায়ে রয়েছে। এক পৃষ্ঠার ওই খসড়া চুক্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতার আভাস পাওয়া গেছে।

সম্ভাব্য শর্ত অনুযায়ী, ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখতে সম্মত হতে পারে। এর বিপরীতে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর থাকা বিধিনিষেধও তুলে নেওয়ার বিষয়ে দুই পক্ষের মধ্যে ঐকমত্য তৈরি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *