শনিবার, ৯ মে ২০২৬

সবশেষ

হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ৯ শিশু, মৃত্যু সাড়ে ৩০০ ছাড়াল

দেশজুড়ে শিশুদের মধ্যে হাম সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এতে দেশে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫২ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া শিশুদের মধ্যে তিনজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। বাকি ছয়জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৪৮৯ শিশুর হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯৪৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। সব মিলিয়ে মাত্র একদিনে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৫ শিশু।

মৃত্যুর তালিকায় বরিশালে হাম শনাক্ত হওয়া তিন শিশুর নাম রয়েছে। এছাড়া ঢাকায় হামের উপসর্গে মারা গেছে তিন শিশু। খুলনায় দুইজন এবং সিলেটে একজন শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারি। ১০ মাস বয়সী মাহাজবিকে তিন দিন আইসিইউতে চিকিৎসা দেওয়ার পরও বাঁচানো যায়নি। সন্তানের মরদেহ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মা শিউলি আক্তার।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৯১ শিশু। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৬১ জন। সব মিলিয়ে মোট মৃত্যু পৌঁছেছে ৩৫২-এ।

এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৪৭ হাজার ৬৫৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩৩ হাজার ৬৩১ শিশুকে। যদিও চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ হাজার ৭৪৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, একই সময়ের মধ্যে দেশে মোট ৬ হাজার ৯৭৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *