মঙ্গলবার, ১২ মে ২০২৬

সবশেষ

ভিসা সুবিধা বাড়াতে ডি-৮ ভুক্ত দেশগুলোর বৈঠক, সভাপতিত্বে বাংলাদেশ

ডেভেলপিং-৮ বা ডি-৮ জোটভুক্ত দেশগুলোর মধ্যে ভ্রমণ ও যোগাযোগ আরও সহজ করতে ভিসা সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্য সামনে রেখে সোমবার (১১ মে) সদস্য রাষ্ট্রগুলোর অংশগ্রহণে একটি উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করে বাংলাদেশ।

বৈঠকে অংশ নেওয়া জ্যেষ্ঠ প্রতিনিধিরা সদস্য দেশগুলোর মধ্যে চলাচল সহজ করা, ভ্রমণ প্রক্রিয়া সরলীকরণ এবং আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ডি-৮-এর অফিশিয়াল এক্স হ্যান্ডেলে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, বৈঠকে সংগঠনের মহাসচিব রাষ্ট্রদূত সোহাইল মাহমুদ সদস্য দেশগুলোর মধ্যে গতিশীলতা বৃদ্ধি ও সফট কানেকটিভিটি শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, সহজ ভিসা ও ভ্রমণ ব্যবস্থা প্রাতিষ্ঠানিক সম্পর্ক গভীর করবে, বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াবে এবং ডি-৮ অঞ্চলের অভ্যন্তরীণ বাণিজ্য ও বিনিয়োগকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি এটি অর্থনৈতিক একীকরণ ও জনগণের পারস্পরিক যোগাযোগও বাড়াবে বলে মন্তব্য করেন তিনি।

বৈঠকে বিদ্যমান ভিসা ব্যবস্থার অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সরকারি কর্মকর্তা ও স্বীকৃত ব্যবসায়ীদের জন্য ভ্রমণ প্রক্রিয়া সহজ করার বাস্তবসম্মত উপায় নিয়েও আলোচনা হয়।

সদস্য রাষ্ট্রগুলো ডি-৮ দশকব্যাপী রোডম্যাপ ২০২০-২০৩০–এর লক্ষ্য ও অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভ্রমণ ও চলাচল আরও সহজ করতে প্রয়োজনীয় নীতি গ্রহণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

ডি-৮ হলো উন্নয়নশীল আট মুসলিম দেশের একটি অর্থনৈতিক জোট। তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নাজমুদ্দিন এরবাকানের উদ্যোগে ১৯৯৬ সালে এর যাত্রা শুরু হয় এবং ১৯৯৭ সালের ১৫ জুন সংগঠনটি আনুষ্ঠানিক রূপ পায়।

বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিশর ও নাইজেরিয়া নিয়ে গঠিত জোটটির মূল লক্ষ্য উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করা, পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ এবং জনগণের জীবনমান উন্নয়ন।

বর্তমানে ডি-৮ বাণিজ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা, জ্বালানি ও শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা সম্প্রসারণ নিয়েও কাজ করছে। সংগঠনটির সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *