বর্তমান সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, আগের সরকারের রেখে যাওয়া বিপুল ঋণ ও দুর্বল অর্থনৈতিক কাঠামোর চাপ সামলে দেশকে স্থিতিশীল অবস্থায় আনতে সময় প্রয়োজন।
বুধবার (১৩ মে) রাজধানীর উত্তরায় আয়োজিত মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদানের’ চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রীর ভাষ্য, দেশে বর্তমানে প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। এই পরিস্থিতি থেকে অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে। এ সময় রাজনৈতিক বিভাজন এড়িয়ে জাতীয় ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, সবাই একসঙ্গে কাজ না করলে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনর্গঠন কঠিন হয়ে পড়বে। আওয়ামী লীগ সরকারের সময় দেশের অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গ তুলে জহির উদ্দিন স্বপন বলেন, একসময় দাড়ি রাখা কিংবা টুপি পরাকেও সন্দেহের দৃষ্টিতে দেখা হতো। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পরিকল্পিত নাটক সাজিয়ে হামলার মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
তবে বর্তমান পরিস্থিতিকে ইতিবাচক উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এখন দেশে রাজনৈতিক ও সামাজিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে, আর এ ধরনের আয়োজন তারই প্রতিফলন।








