বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সবশেষ

মে মাসের ১৩ দিনেই দেশে ১৭৪ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি মে মাসের প্রথম ১৩ দিনেই প্রবাসী আয়ের প্রবাহে শক্তিশালী গতি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে দেশে এসেছে ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দৈনিক গড়ে প্রায় ১৩ কোটি ৪১ লাখ ডলারের সমান।

বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। ২০২৪ সালের একই সময়ে দেশে এসেছিল ১২৬ কোটি ৭০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৩ মে পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩ হাজার ১০৭ কোটি ৬০ লাখ ডলারে, যা আগের বছরের তুলনায় ২০ দশমিক ৪০ শতাংশ বেশি।

রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিকতায় চলতি বছরের মাসভিত্তিক চিত্রেও ওঠানামা দেখা গেছে। এপ্রিল মাসে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, আর মার্চে রেমিট্যান্স পৌঁছায় ৩৭৫ কোটি ৫০ লাখ ডলারে, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে, ফেব্রুয়ারিতে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার। ডিসেম্বর মাসে প্রবাসী আয় ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বর মাসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

অন্যদিকে অক্টোবর ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্টে রেমিট্যান্স ছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য আরও বলছে, ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *