বাংলাদেশকে জেএফ-১৭ থান্ডার ব্লক-৩ যুদ্ধবিমানের সিমুলেটর দেওয়ার মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা করেছে পাকিস্তান। সামরিক বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ শুধু প্রযুক্তিগত সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ভবিষ্যৎ কৌশলগত সহযোগিতারও স্পষ্ট ইঙ্গিত বহন করছে।
বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাব্য যুদ্ধবিমান ক্রয়ের আগে এ ধরনের সিমুলেটর হস্তান্তর সাধারণত দীর্ঘমেয়াদি সামরিক সমন্বয়ের অংশ হিসেবে বিবেচিত হয়। এর ফলে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটরা আগেভাগেই জেএফ-১৭ পরিচালনা ও যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহারের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরির পথও সহজ হবে।
২০২৬ সালের মে মাসে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর প্রথম আনুষ্ঠানিক ‘এয়ার স্টাফ টকস’-এ পাকিস্তানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। ওই বৈঠকের পরই জেএফ-১৭ সিমুলেটর হস্তান্তরের বিষয়টি প্রকাশ্যে আসে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, এই উদ্যোগ ভবিষ্যতে জেএফ-১৭ যুদ্ধবিমান কেনার সম্ভাব্য আলোচনা ও চুক্তিকে আরও বাস্তবসম্মত করে তুলতে পারে। একই সঙ্গে এটি বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেও দেখা হচ্ছে।
দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যের প্রেক্ষাপটে এ সহযোগিতাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক ক্রমেই আরও ঘনিষ্ঠ ও কৌশলগত পর্যায়ে পৌঁছাচ্ছে।








