মঙ্গলবার, ১৯ মে ২০২৬

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

লিবিয়ায় অনিয়মিতভাবে অবস্থান করা আরও ১৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ভোরে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

ফিরে আসা ব্যক্তিদের অধিকাংশই মানবপাচারকারীদের মাধ্যমে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার আশায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। সেখানে গিয়ে অনেকেই অপহরণ, নির্যাতন ও মানবেতর পরিস্থিতির শিকার হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও লিবিয়া সরকারের সহায়তায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

দেশে ফেরার পর বিমানবন্দরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের গ্রহণ করেন। একই সঙ্গে মানবপাচারের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে নিজেদের অভিজ্ঞতা অন্যদের জানাতে ফেরত আসা বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা দেশে ফেরা প্রত্যেক ব্যক্তিকে আর্থিক সহায়তা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিয়েছে বলে জানা গেছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

এর আগে, একই উদ্যোগের আওতায় গত ৭ মে ১৭৪ জন এবং ১ এপ্রিল আরও ১৭৫ জন বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *