দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর পরীক্ষায় দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এ ধরনের উপসর্গে মোট ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭৭ জনের ক্ষেত্রে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা গেছে। প্রতিবেদনের তথ্য সোমবার (১৮ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৯ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে রয়েছে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। জেলা পর্যায়ে ঢাকা ও মৌলভীবাজারে সবচেয়ে বেশি দুজন করে মারা গেছে।
এ সময় দেশে নতুন করে ১ হাজার ২৬৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ১১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১১০ জন। একই সময়ে পরীক্ষার মাধ্যমে ৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে, সংখ্যা ৫৪৪। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ২৩০ জন এবং বরিশাল বিভাগে ১৪৭ জন। নিশ্চিত শনাক্তের সংখ্যাতেও ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে, যেখানে ৫৪ জনের হামে আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে।








