পটুয়াখালীর বাউফলে প্রস্তাবিত বগা সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে গিয়ে বিএনপির কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার দুপুরে বগা ফেরিঘাট এলাকায় প্রায় ৪৫ মিনিট সড়কে আটকে থাকার পর নির্ধারিত সভাস্থল পরিবর্তন করে নদীর ওপারে চরগরবদী এলাকায় সমাবেশ করেন তিনি।
ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা জানান, বগা ফেরিঘাট এলাকায় মন্ত্রীকে স্বাগত জানাতে সভামঞ্চ তৈরি করেছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম (মাসুদ)। ব্যানারে প্রধান অতিথি হিসেবে সেতুমন্ত্রীর নাম এবং বিশেষ অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর নাম উল্লেখ ছিল। তবে কোনো ছবি ব্যবহার করা হয়নি।
দুপুর একটার দিকে ফেরিতে করে মন্ত্রী বগা ফেরিঘাট এলাকায় পৌঁছালে বিএনপির কর্মী-সমর্থকেরা বিক্ষোভ মিছিল শুরু করেন। তাদের অভিযোগ, সভার ব্যানারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি না থাকায় তারা ক্ষুব্ধ হন। এ সময় বিএনপি ও জামায়াতের সমর্থকদের পাল্টাপাল্টি মিছিলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় মন্ত্রী শেখ রবিউল আলম, সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী ও শফিকুল ইসলামসহ সফরসঙ্গীরা সড়কের মাঝখানে প্রায় ৪৫ মিনিট অবস্থান করেন। পরে সভামঞ্চে না গিয়ে ফেরি পার হয়ে চরগরবদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য দেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ও সংসদ সদস্য শফিকুল ইসলাম। সেখানে জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আবু ইউসুফ, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে সেতুমন্ত্রী বলেন, বগা সেতু নির্মাণের দাবিতে বাউফলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আদিরা বিনতে মাহামুদের লেখা চিঠি এবং তার একটি টেলিভিশন সাক্ষাৎকার প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সেতু প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে বগা সেতুর নির্মাণকাজ শুরু হতে পারে। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিশু আদিরার হাতে উপহার সামগ্রী তুলে দেন তিনি।








