বুধবার, ২০ মে ২০২৬

সবশেষ

বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির

দেশের বিদ্যুৎ খাতের আর্থিক চাপ মোকাবিলায় পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। সংস্থাটি ইউনিটপ্রতি প্রায় দেড় টাকা বাড়ানোর প্রস্তাব করেছে, যা বর্তমান দামের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি।

বুধবার (২০ মে) রাজধানীর কেআইবি মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আয়োজিত গণশুনানিতে এ প্রস্তাব উপস্থাপন করা হয়।

শুনানিতে পিডিবির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে সম্ভাব্য ঘাটতির পরিমাণ প্রায় ৬২ হাজার কোটি টাকা। আগামী অর্থবছরে এ ঘাটতি আরও বেড়ে ৬৫ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, বিদ্যুতের দাম সমন্বয় না করা হলে পুরো খাত বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে।

তবে পিডিবির এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন, ভোক্তা অধিকার সংগঠন ক্যাবসহ বিভিন্ন অংশীজন। তাদের অভিযোগ, খাতের অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার দায় সাধারণ গ্রাহকের ওপর চাপানো হচ্ছে।

শুনানিতে অংশ নেওয়া বক্তারা বলেন, বাজারে নিত্যপণ্যের দাম এমনিতেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এর মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হলে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। একইসঙ্গে শিল্প ও উৎপাদন খাতেও নেতিবাচক প্রভাব পড়বে, ফলে উদ্যোক্তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারেন।

অংশীজনদের অনেকে বিদ্যুতের দাম বাড়ানোর পরিবর্তে কমানোর বিষয়ে শুনানির দাবি জানান।

এদিকে আগামী বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির আবেদনের ওপর গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *