ঈদুল আজহাকে সামনে রেখে দেশে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। চলতি মে মাসের প্রথম ১৯ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা দৈনিক গড়ে প্রায় ১৩ কোটি ৭ লাখ ডলারের সমান।
বুধবার (২০ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। গত বছরের একই সময়ে দেশে এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১৯ জুলাই থেকে ১৯ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৮১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ৩৮ দশমিক ৫০ শতাংশ বেশি।
ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা স্বজনদের কাছে বেশি অর্থ পাঠাচ্ছেন, যা সামগ্রিক রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বড় ভূমিকা রাখছে।
এর আগে, গত এপ্রিল মাসে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। মার্চে রেমিট্যান্স প্রবাহ ছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা এখন পর্যন্ত একক মাসে সর্বোচ্চ রেকর্ড। ফেব্রুয়ারিতে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।
গত বছরের শেষ মাসগুলোর মধ্যে ডিসেম্বরেও রেমিট্যান্স ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। অক্টোবরে আসে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে রেকর্ড গড়েছে।








